এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে অর্পণের সিদ্ধান্তকে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস ও চরম দলীয়করণের নীল নকশা বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নাহিদ ইসলাম বলেন, ‘সরকারের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে শিক্ষিত বেকার তরুণদের শেষ আশ্রয়স্থলটুকুও কেড়ে নেওয়া হচ্ছে। এখন থেকে ঘুষ, স্বজনপ্রীতি ও রাজনৈতিক বিবেচনা ছাড়া কেউ স্কুল-কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ পাবে না। এতে একদিকে যেমন যোগ্য ও মেধাবী তরুণরা বঞ্চিত হবে, অন্যদিকে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির মাধ্যমে অযোগ্য ব্যক্তিরা শিক্ষক হিসেবে নিয়োগ পাবে।’
শিক্ষার মানের ওপর এর নেতিবাচক প্রভাব তুলে ধরে তিনি আরও বলেন, ‘অযোগ্য শিক্ষক নিয়োগের ফলে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান ও দক্ষতা গঠনের ভিত্তি দুর্বল হয়ে পড়বে, যা দীর্ঘমেয়াদে জাতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।’
দেশের তরুণদের ভবিষ্যৎ ও শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার এই নীলনকশা অবিলম্বে প্রত্যাহার করার জোর দাবি জানান এই সংসদ সদস্য।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


