মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জমজম টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে মীর সরফত আলী সপুর অনুসারীদের পূর্বনির্ধারিত আনন্দ মিছিল বের হওয়ার কথা ছিল। এ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। একপর্যায়ে শেখ আব্দুল্লাহর কয়েকজন অনুসারী ঘটনাস্থলে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা দ্রুত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও একাধিক মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় ইটপাটকেলের আঘাতে মিল্টন দত্ত আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং এর মধ্যে চারজনকে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই এলাকা ও আশপাশে থমথমে পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযানে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

