মিরসরাইয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের প্রস্তুতি সম্পন্ন

মিরসরাইয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের প্রস্তুতি সম্পন্ন

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, তেল-গ্যাস সংকট নিরসন, সারের কৃত্রিম সংকট দূর করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে মিরসরাইয়ে ব্যাপক সমাগম ও প্রস্তুতির ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

লংমার্চের বহর মিরসরাইয়ের ধুমঘাট থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত ৬৪ কিলোমিটার সড়ক অতিক্রম করবে। এ পথে ২৪টি স্থানে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার।

শুক্রবার বিকেলে মিরসরাইয়ের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, মিরসরাইয়ের পথসভায় প্রায় ১০ থেকে ১৫ হাজার নেতাকর্মীর উপস্থিতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবিরের সঞ্চালনায় এবং চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন মিরসরাই খেলাফত মজলিসের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি জাফর উল্লাহ নিজামী, খেলাফত মজলিস মিরসরাই সভাপতি মাওলানা মফিজুল হক, এনসিপির মিরসরাই সমন্বয়ক আরিফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিম উদ্দিন আজাদ, মিরসরাই জামায়াতের বায়তুল মাল সম্পাদক নিজাম উদ্দিন, মিরসরাই পৌর জামায়াতের আমির শিহাব উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি রায়হান উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা শিবিরের কলেজ বিষয়ক সম্পাদক শাকিব হোসাইন সহ অন্যরা।

জানা গেছে, ছয় দফা দাবিতে সারা দেশে লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্যজোট। এর ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের লালদিঘী মাঠে গণজমায়েতের আয়োজন করা হয়েছে।

গণজমায়েতে যোগ দিতে শনিবার সকাল সাড়ে ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে ৫ শতাধিক গাড়িযোগে ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। পথে মিরসরাই সদরসহ ছয়টি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। এসব পথসভায় জামায়াতের কেন্দ্রীয় আমিরসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। লংমার্চের বহর শনিবার বিকেল ৫টার দিকে মিরসরাইয়ে পৌঁছানোর কথা রয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার বলেন, শনিবার সকালে ঢাকার শাপলা চত্বর থেকে ৫ শতাধিক গাড়ি নিয়ে লংমার্চের বহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে। পথে শতশত গাড়ি যুক্ত হবে। আমরা ধারণা করছি, প্রায় দুই সহস্রাধিক গাড়ি নিয়ে লংমার্চের বহর চট্টগ্রামে পৌঁছাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন