আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সহিংসতার প্রতিবাদ

১১ দলীয় জোটের বিক্ষোভের ডাক আসছে

স্টাফ রিপোর্টার

১১ দলীয় জোটের বিক্ষোভের ডাক আসছে

সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভের ডাক দিতে পারে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী সোমবার আসরের পর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি বের হওয়ার কথা রয়েছে।

শনিবার সন্ধ্যায় ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ কর্মসূচির প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত সূত্র এ তথ্য জানিয়েছে। তবে কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কিমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ বলেন, বৈঠকে সারা দেশে নির্বাচন-পরবর্তী সহিংসতার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শুক্রবার শীর্ষ নেতাদের বৈঠকেও এ বিষয়ে বলা হয়েছে যে, ফ্যাসিবাদী আচরণ বন্ধ না করলে আমরা আন্দোলন করতে বাধ্য হবো। তিনি বলেন, এরইমধ্যে এ বিষয়ে কর্মসূচি প্রণয়ন করা হয়েছে, শীর্ষ নেতাদের অনুমোদনের পর তা জানিয়ে দেওয়া হবে।

সূত্রমতে, নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। এরই মধ্যে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের লোকদের বহু বাসা-বাড়ি, পরিবারের সদস্য ও ব্যবসাপ্রতিষ্ঠানে বর্বর হামলার খবর পাওয়া গেছে।

ভোটের আগে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ছাড়াও ভোটের রাতেই অন্তত ২১টি সহিংসতার তথ্য তুলে ধরা হয়েছে জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজে। নির্বাচনে ব্যাপক জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় বসতে যাওয়া বিএনপির লোকেরাই এসব সহিংসতা ঘটাচ্ছে বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন