রাজবাড়ী শহরের কাপড় বাজার এলাকায় জাকিয়া সুলতানা নামের এক নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মার্কেটের তিন ব্যবসায়ী ও এক কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ তুলে তার নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন একদল নারী।
গত শনিবার দুপুরে কাদেরিয়া সুপার মার্কেট এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করে।
মার্কেটের বস্ত্র বিতানের মালিক আজিজ মণ্ডল, রিয়াদিয়া বুটিকের মালিক খন্দকার আমিরুল খসরু (রাজিব), ট্রিম ফ্যাশনের মালিক কাজী নিয়ামুল হক এবং কর্মচারী শাহানা পারভীন (বৃষ্টি)-এর নামে অপমান ও ষড়যন্ত্রের অভিযোগ করেন জাকিয়া।
অন্যদিকে কাপড় ব্যবসায়ীদের দাবি, ‘আস্থা’ পোশাক শিল্পের স্বত্বাধিকারী জাকিয়া সুলতানা তার প্রতিষ্ঠানে কর্মরত নারী কর্মচারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড করানোর চেষ্টা করতেন। কোনো কর্মচারী এতে রাজি না হলে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হতো ।
ব্যবসায়ীরা আরো দাবি করেন, আস্থার মালিকের কথিত এসব কর্মকাণ্ড নিয়ে এর আগেও একাধিকবার সালিশ-বিচার হয়েছে। কিন্তু এরপরও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে তারা জানান।
আস্থা পোশাক শিল্পের মালিক জাকিয়া সুলতানা আমার দেশকে বলেন, আমি উইমেন চেম্বারের জেলা আহ্বায়ক, আমি নারী উদ্যোক্তা, আমার অধীনে তিন-চারশ মহিলা কাজ করে। রাজবাড়ী কাপড় বাজারের কতিপয় ব্যবসায়ী আমাকে প্রতিদ্বন্দ্বী ভাবে। যে কারণে আমাকে এই বাজার থেকে উৎখাত করতে ঘটনা সাজানো হয়েছে। আমার বিরুদ্ধে কোনো নৈতিক স্খলনের অভিযোগ থাকলে তারা প্রশাসনকে জানাতেন।
রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক কাজী বেনজির আহাম্মেদ জানান, আস্থা পোশাক শিল্পের মালিক জাকিয়ার বিরুদ্ধে একাধিক ব্যবসায়ীর অভিযোগ রয়েছে। তিনি হঠাৎ করেই বেশকিছু নারী কর্মীকে সঙ্গে নিয়ে কাপড় বাজারে এসে অন্য ব্যবসায়ীদের বিরুদ্ধে মাইক টাঙিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেন। এ সময় ব্যবসায়ীরা তাকে প্রতিহত করে এবং তাকে মার্কেট থেকে বের করে দেয় ও গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীরা দোকান একঘণ্টা বন্ধ রাখে।
রাজবাড়ী থানার ওসি গৌতম ঘোষের মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে ওই অপ্রীতিকর বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে বিকৃত ও অপতথ্য প্রচার হওয়ায় রাজবাড়ীসহ সারা দেশে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে। যে নারী ব্যবসায়ীকে মারধর করা হচ্ছে, তিনি একই বাজারের কাপড় ব্যবসায়ী জাকিয়া সুলতানা।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেউ নন। এছাড়া, ওইদিন রাজবাড়ী বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কোনো অভিযান পরিচালিত হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

