সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিষধর সাপের কামড়ে পোশাকের মা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার রাত ৮টায় উপজেলার মাছুয়াকান্দা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছুয়াকান্দা গ্রামের সোনা মিয়ার স্ত্রী পোশাকের মা রাতে বাড়ির বারান্দায় বসে ছিলেন। এ সময় বিদ্যুৎ চলে গেলে তিনি বারান্দা থেকে ঘরে যাওয়ার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ে তিনি চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে এসে বিষয়টি জানতে পারেন। পরে তারা দ্রুত তার পায়ে বাঁধন দেন।
এরপর পরিবারের সদস্যরা তাকে পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাঈম জোবায়ের সাপের কামড়ে ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

