ইসহাক সরকার ও তারেক আদেল হচ্ছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক

ইসহাক সরকার ও তারেক আদেল হচ্ছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক
মোহাম্মদ ইসহাক সরকার ও তারেক এ. আদেল

মোহাম্মদ ইসহাক সরকার ও তারেক এ. আদেল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হচ্ছেন। রোববার এনসিপির একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

ইসহাক সরকার এর আগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজপথের আন্দোলনে সক্রিয় থাকলেও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটির (আংশিক) আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

তারেক আহমেদ আদেল এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের তরুণদের গড়ে তোলা নতুন রাজনৈতিক দল এনসিপির পুনর্গঠিত কমিটি চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য কমিটিটি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের হাতে রয়েছে। যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদে ১৬ জন সদস্য রয়েছেন। এ পর্ষদে আহ্বায়ক ও সদস্যসচিব হিসেবে যথাক্রমে নাহিদ ইসলাম ও আখতার হোসেন থাকছেন। বাকি ১৪ জনের মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব হচ্ছেন।

এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হচ্ছেন আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসুদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হোসেন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম।

সূত্রমতে, আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়া রাজনৈতিক পর্ষদের বাকি ১৪ সদস্যকে বিভিন্ন বিশেষায়িত উপকমিটির প্রধান করা হচ্ছে। এর মধ্যে ১১ দলীয় ঐক্য ও রাজনৈতিক যোগাযোগ কমিটির প্রধান হচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, সাংগঠনিক উপকমিটির প্রধান সারজিস আলম, আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা-বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, অর্থ ও বাণিজ্য-বিষয়ক উপকমিটির প্রধান আব্দুল্লাহ আল আমিন, মিডিয়া উপকমিটির প্রধান সারোয়ার তুষার, গবেষণাবিষয়ক উপকমিটির প্রধান সালেহ উদ্দিন সিফাত, নারী-বিষয়ক উপকমিটির প্রধান মাহমুদা মিতু এবং জুলাই গণহত্যার বিচার ও জুলাইভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ উপকমিটির প্রধান হচ্ছেন নুসরাত তাবাসসুম।

সূত্র জানায়, প্রতিটি উপকমিটির অধীনে কেন্দ্রীয় কমিটির সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে। যেমন ২৩ সদস্যের সাংগঠনিক উপকমিটিতে থাকবেন ১০ জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ১০ জন বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক। রাজনৈতিক পর্ষদ থেকে দুজনকে এ উপকমিটির উপপ্রধান করা হবে।

এ ছাড়া এনসিপিতে ৩০ থেকে ৩৫টি কেন্দ্রীয় বিশেষায়িত সেল থাকবে। এসব সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় কমিটির বিভিন্ন বিষয়ক সম্পাদকরা। তাঁদের সঙ্গে সেলগুলোতে সহসম্পাদকদেরও অন্তর্ভুক্ত করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন