জুলাই গণঅভ্যুত্থানের তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কমিটি চূড়ান্ত করা হয়েছে। এ কমিটি চূড়ান্ত অনুমোদনের জন্য দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের হাতে রয়েছে। যেকোনো সময় নতুন এই কমিটি ঘোষণা করা হবে। দলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদে ১৬ জন সদস্য রয়েছেন। তাদের মধ্যে আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে যথাক্রমে নাহিদ ইসলাম ও আখতার হোসেনই থাকছেন। এ ছাড়া বাকি ১৪ জনের মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ সিনিয়র যুক্ত আহ্বায়ক, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব; যুগ্মআহবায়ক হচ্ছেন- আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসুদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হোসেন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম।
সূত্রমতে, দলটির আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়া বাকি রাজনৈতিক পরিষদের ১৪টি সদস্য হচ্ছেন বিশেষায়িত উপ-কমিটির প্রধান। এর মধ্যে ১১ দলীয় ঐক্য ও রাজনৈতিক লিঁয়াজো কমিটির প্রধান হচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, সাংগঠনিক উপ-কমিটির প্রধান সারজিস আলম, আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির প্রধান আসিফ মাহমুদ, অর্থ ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির প্রধান আব্দুল্লাহ আলামিন, মিডিয়া উপ-কমিটির প্রধান সারোয়ার তুষার, রিসার্চ বিষয়ক উপ-কমিটির প্রধান সালেহউদ্দিন সিফাত, নারী বিষয়ক উপ-কমিটির প্রধান মাহমুদা মিতু, জুলাই গণহত্যার বিচার ও জুলাই ভিত্তিক সংগঠনগুলোর সাথে লিঁয়াজো উপ-কমিটির প্রধান নুসরাত তাবাসসুম।
সূত্র জানায়, প্রতিটি উপ-কমিটির অধীনে কেন্দ্রীয় কমিটির সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে। যেমন ২৩ সদস্যবিশিষ্ট সাংগঠনিক উপ-কমিটিতে থাকছেন ১০ জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ১০ জন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক। রাজনৈতিক পর্ষদ থেকে দুজনকে সাংগঠনিক উপ-কমিটির উপ-প্রধান করা হবে। এ ছাড়া কেন্দ্রীয় বিশেষায়িত সেল থাকছে ৩০-৩৫টি। এসব সেলের প্রধান থাকবেন কেন্দ্রীয় কমিটির বিভিন্ন বিষয়ক সম্পাদকরা, যাতে অন্তর্ভুক্ত থাকবেন সহ-সম্পাদকরা।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়া বিষয়ক উপকমিটির প্রধান সারোয়ার তুষার আমার দেশকে বলেন, এনসিপি পুনর্গঠিত হচ্ছে। এই প্রক্রিয়া দলের বিভিন্ন পর্যায়ে আলোচনা করে প্রায় চূড়ান্ত করা হয়েছে। এটি যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


