মুসলিম দেশগুলোর উচিত অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়া বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
বৃহস্পতিবার তেহরানে অনুষ্ঠিত ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়।
পেজেশকিয়ান বলেন, ‘ইরানকে রক্ষা করার অর্থ মুসলিম দেশ বা প্রতিবেশী দেশগুলোর প্রতি শত্রুতা পোষণ করা নয়।’
তিনি বলেন, ‘কোনো ইসলামি দেশেরই উচিত নয়, অন্য কোনো ইসলামি দেশের বিরুদ্ধে আগ্রাসন চালাতে নিজের ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া। কোনো ইসলামি দেশেরই উচিত নয়, প্রতিবেশীদের অনিরাপত্তার ওপর নিজের নিরাপত্তা প্রতিষ্ঠা করা।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের প্রসঙ্গ তুলে ইরানের প্রেসিডেন্ট বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মতপার্থক্য নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চলার সময়ই ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক সামরিক হামলা শুরু হয়।
তিনি বলেন, কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ওই মাসেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু হয়েছিল। এর মধ্যেই হামলা শুরু হয়। এসব হামলায় ইরানের সামরিক কমান্ডার, কর্মকর্তা, বিজ্ঞানী, শিক্ষার্থী, স্কুলশিশু ও বেসামরিক নাগরিক নিহত হন। পাশাপাশি বিভিন্ন শহর ও অবকাঠামোও হামলার লক্ষ্যবস্তু হয়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরাক, পাকিস্তান, তুরস্ক, লেবানন ও আফগানিস্তানসহ ৪০টি দেশের প্রায় ৬০০ দেশি-বিদেশি অতিথি সম্মেলনে অংশ নিচ্ছেন।
আগামী রোববার পর্যন্ত এই সম্মেলন চলবে। তেহরান, কোম ও মাশহাদে বিভিন্ন আয়োজনের পাশাপাশি পশ্চিম আজারবাইজান, কুর্দিস্তান, গোলেস্তান ও রাযাভি খোরাসান প্রদেশে চারটি বিশেষায়িত বৈঠক অনুষ্ঠিত হবে।
সূত্র: টিআরটিওয়ার্ল্ড
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


