ধর্ম যার যার, এর অর্থ আসলে কী—জানালেন খতিব আব্দুল মালেক

ধর্ম যার যার, এর অর্থ আসলে কী—জানালেন খতিব আব্দুল মালেক

‘ধর্ম যার যার’—এই কথার ব্যাখ্যা করতে গিয়ে সব ধর্মকে সত্য ও সঠিক বলে স্বীকৃতি দিলে একজন ব্যক্তির নিজের ঈমানই অবশিষ্ট থাকবে না বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক।

শুক্রবার জুমার খুতবায় সমসাময়িক ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও ঈমানের মৌলিক বিশ্বাস নিয়ে আলোচনায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মুফতি আব্দুল মালেক বলেন, কাউকে জোরপূর্বক মুসলমান বানানো যাবে না—এই অর্থে যদি বলা হয় ‘ধর্ম যার যার’, তবে সে কথা ইসলামি শরিয়াহর মূলনীতির সঙ্গে সংগতিপূর্ণ এবং সঠিক। কিন্তু এই কথার মাধ্যমে যদি বোঝানো হয় ইসলাম যেমন সত্য ধর্ম, তেমনি হিন্দুধর্ম, বৌদ্ধধর্ম, ইহুদি ও খ্রিস্টধর্মও সমানভাবে সত্য ও সঠিক, তবে তা একজন মুমিনের ঈমান বিধ্বংসী বিষয়। তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, ‘সবগুলোকে যদি সত্য ও সঠিক বলে সমর্থন দিতে চান, তবে আপনার নিজেরই তো আর ঈমান থাকবে না।’

শিরকের ভয়াবহ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, মানুষ তওবা না করে শিরকের অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা কখনোই তা ক্ষমা করবেন না এবং তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, শিরক ছাড়া বান্দা ঈমানের ওপর থাকলে অন্যান্য পাপ আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু তওবা ছাড়া শিরকের কোনো ক্ষমা নেই।

তিনি মুসলমানদের নিজেদের আকিদা ও বিশ্বাসে অবিচল থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক মুসলিমকে তাওহিদ ও ‘লা ইলাহা ইল্লাল্লাহ’র ওপর দৃঢ় থাকতে হবে এবং জেনে-বুঝে শিরকের যাবতীয় পথ পরিহার করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন