সৌদি আরবের পবিত্র মদিনার মসজিদে নববিতে দীর্ঘ ৫০ বছর ধরে পবিত্র কোরআন ও দশ কেরাতের পাঠদানকারী প্রখ্যাত শিক্ষক শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে মদিনার আলেম সমাজ ও অগণিত ছাত্রের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজি এমন এক সময় থেকে মসজিদে নববিতে দরস (পাঠদান) দিতেন, যখন আধুনিক সুযোগ-সুবিধা ছিল না। সে সময় মসজিদে নববির মেঝেতে কোনো কার্পেট ছিল না; ছিল কেবল কাঁকর বিছানো প্রাঙ্গণ। প্রতিকূল পরিবেশেও তিনি নিষ্ঠার সাথে তাঁর জ্ঞান বিতরণের কাজ চালিয়ে গেছেন।
সহকর্মী ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ অর্ধশতাব্দীর শিক্ষকতা জীবনে তিনি কখনোই পাঠদান থেকে বিরত থাকেননি। তাঁর জীবনের কর্তব্যনিষ্ঠার একটি বিরল উদাহরণ মদিনায় বহুল আলোচিত- একবার তাঁর আপন বোনের ইন্তেকালের দিন কেবল তিনি কিছুটা সময় বিরতি নিয়েছিলেন। বোনের জানাজা ও দাফন সম্পন্ন করেই তিনি পুনরায় ছাত্রদের কাছে ফিরে আসেন এবং নিয়মিত পাঠদান চালিয়ে যান। পবিত্র কোরআনের প্রতি এমন গভীর ভালোবাসা ও একনিষ্ঠ সাধনা তাঁকে কিংবদন্তিতে পরিণত করেছে।
তার কাছে শিক্ষাগ্রহণ করে বিশ্বজুড়ে অসংখ্য ছাত্র পরবর্তীতে পবিত্র কোরআনের হাফেজ, শিক্ষক ও দাঈ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে তার এই শিক্ষার ধারা ছড়িয়ে পড়েছে।
মরহুমের জানাজা শেষে তাকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

