দাম্পত্য জীবনে অমূলক সন্দেহকে মারাত্মক ক্ষতিকর এক ব্যাধি হিসেবে উল্লেখ করে এর নানাবিধ নেতিবাচক দিক তুলে ধরেছেন প্রখ্যাত ইসলামি আলোচক, লেখক ও গবেষক মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম। তার মতে, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া স্বামীকে অযথা সন্দেহের চোখে দেখলে তা শুধু পরিবারের সুখ-শান্তিই নষ্ট করে না, বরং উভয় জাহানেই মারাত্মক বিপর্যয় ডেকে আনে।
সম্প্রতি ‘রিসালাতুল ইসলাম বিডি’ নামের একটি ইউটিউব চ্যানেলে অহেতুক সন্দেহের কারণে প্রধানত যেসব ক্ষতি সংঘটিত হয় তা তুলে ধরেন।
পরিবারে ইচ্ছাকৃত অশান্তি ডেকে আনা: বাইরে থেকে ঘরে ফিরতে সামান্য দেরি হলেই স্বামীকে ‘কোথায় ছিলে?’, ‘কেন দেরি হলো?’ কিংবা ‘কার সঙ্গে কথা বলছিলে?’—এমন নানা প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়ে জর্জরিত করা হয়। চাকরির বাইরেও নানা সামাজিক দায়দায়িত্ব বা জরুরি কাজের কারণে দেরি হতে পারে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া এভাবে প্রশ্নবাণে জর্জরিত করার অর্থ হলো নিজের পরিবারে নিজেই অশান্তি ডেকে আনা।
মানসিক ভারসাম্য ধ্বংস হওয়া: সন্দেহকে মারাত্মক এক জীবাণুর সঙ্গে তুলনা করে তিনি বলেন, এটি এমন এক ব্যাধি যা কারও মনের ভেতরে একবার প্রবেশ করলে তাকে মানসিকভাবে তিলে তিলে ধ্বংস করে দেয়।
পাপ ও গুরুতর মিথ্যায় লিপ্ত হওয়া: ইসলামে অমূলক ধারণাকে কঠিনভাবে পরিহার করার নির্দেশ রয়েছে। কোরআনে স্পষ্ট বলা হয়েছে, নিশ্চয়ই কোনো কোনো ধারণা বড় গুনাহ। হাদিসেও অহেতুক সন্দেহ ও জল্পনা-কল্পনাকে বড় ধরনের মিথ্যা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ফলে বিনা প্রমাণে স্বামীকে সন্দেহ করলে সরাসরি পাপের ভাগীদার হতে হয়।
দাম্পত্য জীবনের শান্তি বিনাশ: একটি সুখী ও শান্তিপূর্ণ দাম্পত্য উপভোগ করার প্রধান অন্তরায় হলো সন্দেহের বিষবাষ্প। এই জীবাণু স্বামী-স্ত্রীর পারস্পরিক ভালোবাসা ও আস্থাকে সমূলে বিনষ্ট করে দেয়।
আখেরাতের নাজাত বাধাগ্রস্ত হওয়া: মাওলানা আবুল বাশার সতর্ক করে বলেন, অহেতুক সন্দেহ কেবল দুনিয়ার শান্তিই কেড়ে নেয় না, বরং এর জন্য পরকালেও কঠিন জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং এটি আখেরাতে মুক্তির পথকেও চরমভাবে বাধাগ্রস্ত করবে।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কেবল স্বামী-স্ত্রীর মধ্যেই নয়, শ্বশুর-শাশুড়ি যদি তাদের পুত্রবধূকে অহেতুক সন্দেহের চোখে দেখেন, তবে তাও এক মারাত্মক পাপকর্ম। তাই পারিবারিক বন্ধন অটুট রাখা এবং পরকালীন মুক্তির স্বার্থে সবাইকে অমূলক সন্দেহ ও কুধারণা থেকে সম্পূর্ণ মুক্ত থাকার পরামর্শ দেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


