বিশ্বের যেসব দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

বিশ্বের যেসব দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

আজ রোববার। পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে বিশ্বের ১১টি মুসলিম দেশ। দেশগুলো হচ্ছে— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান, লেবানন (সুন্নি কর্তৃপক্ষ) ও ইরাক (কেবল কুর্দিস্তান আঞ্চলিক সরকার)।

বিজ্ঞাপন

এছাড়া আগামীকাল সোমবার মিসর, জর্ডান, সিরিয়া, ওমান, ইন্দোনেশিয়াসহ ১৪টি মুসলিম দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশগুলো হলো— ওমান, মিসর, সিরিয়া, জর্ডান, মরক্কো, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়া, ইরাক (সুন্নি ও শিয়া কর্তৃপক্ষ), তিউনিশিয়া ও লিবিয়া।

শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ১১টি দেশে আজ রোববার ঈদ উদযাপন হচ্ছে। আবার শাওয়ালের চাঁদ দেখা না গেলে কোনো কোনো দেশে মঙ্গলবারও ঈদ হবে। তবে মিসর, সিরিয়া, মরক্কো, তিউনিশিয়া ও লিবিয়ার ধর্মীয় কর্তৃপক্ষ জানায়, রোববার ৩০ রমজান পালিত হবে।

বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া জানিয়েছে, তাদের দেশে সোমবার ঈদ উদযাপিত হবে। পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়াতেও সোমবার ঈদ হবে।

ইরাকে আবার ভিন্ন অবস্থা দেখা যাচ্ছে। সুন্নি এনডাওমেন্ট অফিস এবং দেশটির সর্বোচ্চ শিয়া কর্তৃপক্ষ গ্রান্ড আয়াতুল্লাহ আলি আল সিস্তানির অফিস জানিয়েছে, সোমবার ইরাকে ঈদ হবে। তবে কুর্দিস্তান রিজিওন্যাল গভার্নমেন্ট নিজস্বভাবে চাঁদ দেখে শনিবার জানিয়েছে, ঈদ হবে রোববার।

একইভাবে লেবাননে সুন্নি কর্তৃপক্ষ রোববার ঈদের কথা জানিয়েছে। তবে শিয়া হায়ার ইসলামিক কাউন্সিল রোববার চাঁদ দেখে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে। অর্থাৎ তারা সোমবার ঈদ উদযাপন করবে।

এদিকে আজ সন্ধ্যায় বাংলাদেশের চাঁদ দেখা কমিটির বৈঠক হবে এবং চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল (সোমবার) ঈদ উদযাপন হতে পারে। তবে সৌদিআরবের সঙ্গে মিল রেখে আজ বাংলাদেশেও পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় পান্থপথে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া মৌলভীবাজারের সার্কিট হাউস এলাকায়ও ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের অর্ধশত গ্রামেও ঈদ উদযাপন হচ্ছে। মাদারীপুরের ২৫টি গ্রামে ৩০ হাজার মানুষ ঈদ উদযাপন করছেন।

প্রতিবছর রমজান শেষে ঈদের চাঁদ দেখা নিয়ে আলোচনা ও বিতর্ক শুরু হয় এবং সৌদি আরবের সাথে মিল রেখে অনেক জায়গায় ঈদ উদযাপিত হয়, এবারও এর ব্যতিক্রম হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন