স্বপ্নের ফানুস উড়িয়ে কাতার বিশ্বকাপে পা রেখেছিল ব্রাজিল। লক্ষ্য ছিল বড়। হেক্সা মিশন পূর্ণ করা। কিন্তু সেই স্বপ্ন তাদের স্বপ্ন থেকে গেছে। ষষ্ঠ বিশ্ব শিরোপা ধরা দেয়নি সেলেসাওদের হাতে। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বমঞ্চ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। অবিশ্বাস্য সেই হারের পর জাতীয় দলের সঙ্গে সম্পর্ক ছেদ করেন আদেনর লিওনার্দো বাচ্চি ওরফে তিতে। শেষ আট থেকে ছিটকে যাওয়ার সেই কষ্ট ভুলে তাই নতুন করে পথ চলা শুরু করতে নতুন কোচের খোঁজে নামে ব্রাজিল। দীর্ঘদিন বিভিন্ন কোচের সঙ্গে আলাপ-আলোচনা শেষে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বেছে নেয় দরিভাল জুনিয়রকে।
দরিভালের কাঁধে জাতীয় দলের দায়িত্ব বর্তাতেই নতুন দিনের জন্য প্রহর গুনতে থাকে ব্রাজিলবাসী। কিন্তু দল যে গুছিয়ে উঠতে পারছেন না। ছন্দময় আর নান্দনিক ফুটবলের ঐতিহ্য ফেরানোর অপেক্ষা যেন কিছুতেই শেষ হচ্ছে না ভক্ত-সমর্থকদের। ‘সাম্বা ফুটবল’ কিংবা ‘জোগো বনিতো’ (সুন্দর ফুটবল) ফেরার কোনো নাম-গন্ধ নেই। দরিভাল ঠিক প্রত্যাশামাফিক ব্রাজিলকে গড়ে তুলতে পারছেন না। দলের মধ্যে আনতে পারছেন না সুসমন্বয়। যে কারণে জয় কিংবা ড্র করলেও মাঠের লড়াইয়ে নিজেদের সেরা রূপটা ঠিক দেখাতে পারছে না হলুদ জার্সিধারীরা। প্রতিপক্ষ কোচের কাছে দরিভালের রণকৌশল কোনো কাজেই আসছে না।
মাঠের খেলায় ব্রাজিল যেন চেনা রূপে ফিরতে পারছে না। খেই হারিয়ে ফেলছে প্রতিপক্ষের আক্রমণ আর রক্ষণের দৃঢ়তায়। দরিভালের অধীনে ১৬ ম্যাচ খেলে ব্রাজিল জয় পেয়েছে মাত্র ৭টিতে। অমীমাংসিত থেকে যায় ৬ ম্যাচ। বাকি তিন ম্যাচে হজম করতে হয়েছে হারের তেতো স্বাদ। বাজে পারফরম্যান্সের কারণে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার সম্ভাবনাটাই এক সময় পড়ে গিয়েছিল হুমকির মুখে। সেই পরিস্থিতি এখন অবশ্য বদলে গেছে। কিন্তু লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে ১৪ ম্যাচ খেলে ব্রাজিল জয় পেয়েছে ৬টিতে। হার মেনেছে ৫ ম্যাচে। হারতে হয়েছে বাকি ৩ ম্যাচে। ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল নেমে গেছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। অথচ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বাছাই পর্বের চার ম্যাচ হাতে রেখেই নাম লিখে ফেলেছে আগামী বিশ্বকাপে।
দরিভালের খেলার পরিকল্পনা এখন অনেকটাই অকার্যকর। যার সবশেষ প্রমাণ মিলেছে আর্জেন্টিনার ঘরের মাঠে। ফুটবল জাদুকর লিওনেল মেসি-লাউতারো মার্তিনেজের মতো তারকা ফুটবলারহীন আর্জেন্টিনার কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ‘অসহায়’ ব্রাজিল। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি রণকৌশলের কাছে দরিভালের পুরো পরিকল্পনাই হয়েছে ব্যর্থ। যে কারণে সমালোচনার বিষাক্ত তিরবিদ্ধ করছে দরিভালের বুকে। গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়।
সিবিএফ এখন আর আস্থা রাখতে পারছে না দরিভালের ওপর। তাকে বাদ দিয়ে নতুন কোচ নিয়োগের কথাই চিন্তা-ভাবনা করছে দেশটির ফুটবলের অভিভাবক সংস্থাটি। শোনা যাচ্ছে, কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে চাচ্ছে ব্রাজিল। কিন্তু এ ইতালিয়ানকে পাওয়া কঠিনই হবে। কেননা ২০২৬ সাল পর্যন্ত সান্টিয়াগো বার্নাব্যুর সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন আনচেলত্তি। জুন-জুলাইতে ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের ডাগআউটে থাকাটাই এখন অগ্রাধিকার দিচ্ছেন তিনি। তার চেয়ে বড় কথা, এর আগেই সাফ জানিয়ে দিয়েছেন আনচেলত্তি, রিয়াল মাদ্রিদ ছাড়ার কোনো পরিকল্পনাই নেই তার। তবে লস ব্লাঙ্কোসরা লা লিগা বা চ্যাম্পিয়নস ট্রফি ছাড়া মৌসুম শেষ করলে, আনচেলত্তির ব্রাজিল কোচ হলে অবাক হওয়ার কিছু থাকবে না। আলোচনায় রয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক ডিফেন্ডার ও ফ্ল্যামেঙ্গো কোচ ফিলিপ লুইসও। তালিকায় রয়েছেন জর্জ জেসুস, ফিলিপ লুইস, আবেল পেরেইরা, রেনাতো গাইচো ও পেপ গার্দিওলা।
দরিভাল জুনিয়র
ম্যাচ: ১৬
জয়: ৭
ড্র: ৬
হার: ৩
অজেয়: ১৩
গোল স্কোর: ২৭
গোল হজম: ২১
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

