শুক্রবার (৪ এপ্রিল) থেকে সার্বিয়ার জেলাটিবর শহরে শুরু হচ্ছে আইএসএফ জিমনেসিয়েড (অনূর্ধ্ব ১৫) স্কুল সামার গেমস ২০২৫। উক্ত প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ। প্রতিযোগিতার পর্দা নামবে আগামী ১৪ এপ্রিল। যেখানে ২২টি ইভেন্টে মোট ৩৫৩৫ জন প্রতিযোগী ও কর্মকর্তাগণ অংশ নেবেন।
প্রতিযোগিতায় আর্চারি, ব্যাডমিন্টন, বক্সিং, অ্যাথলেটিক্স, জুড়ো, সাঁতার ও টেবিল টেনিস- এই সাত ইভেন্টে মোট ২৭ জন বাংলাদেশি প্রতিযোগী অংশ নেবে। সঙ্গে থাকবেন কোচ ও কর্মকর্তাগণ। দলটির হেড অব ডেলিগেশন হিসেবে থাকবেন বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম। উক্ত ক্রীড়া উৎসবে অংশ নিতে আজ রাতে সার্বিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশের প্রতিযোগীরা।

তার আগে বৃহস্পতিবার (৩ মার্চ) বসুন্ধরার একটি অভিজাত হোটেলে পরিচিতি পর্ব ও জার্সি উন্মোচন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুনিরুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সাউথ আমেরিকা উইং) মিসেস কাজী আনারকলি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

