ভারত-পাকিস্তান ম্যাচ ৭ সেপ্টেম্বর

এশিয়া কাপ শুরু ৫ সেপ্টেম্বর!

এশিয়া কাপ শুরু ৫ সেপ্টেম্বর!

ভারত-পাকিস্তান সংঘাতের পর এশিয়া কাপ নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। মহাদেশীয় এ ক্রিকেট আসরের আকাশ থেকে অনেকটাই কেটে গেছে কালো মেঘ। একটু একটু করে দেখা যাচ্ছে আশার আলো। এর আগে খবর ছড়িয়ে পড়েছিল- এ বছরই হতে যাচ্ছে এশিয়া কাপ। এবার জানা গেল টুর্নামেন্টটির দিনক্ষণও। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জনপ্রিয় এ ক্রিকেট আসরটির পর্দা উঠবে ৫ সেপ্টেম্বর। আর ফাইনাল দিয়ে পর্দা নামবে ২১ সেপ্টেম্বর। আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ভারত-পাকিস্তানের লড়াই হবে ৭ সেপ্টেম্বর।


এশিয়া কাপ এবার হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। টুর্নামেন্টের মূল আয়োজক ভারত হলেও খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে। গ্রুপ পর্বের লড়াই শেষে সেরা দলগুলো নাম লিখবে ‘সুপার ফোর’ পর্বে। সুপার ফোরের সেরা দুদল নাম লিখবে ফাইনালে। তার মানে ভারত-পাকিস্তানের ম্যাচ হতে পারে অন্তত দুটি। চিরবৈরী দুই প্রতিবেশী দেশের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াতে পারে ১৪ সেপ্টেম্বর। এবার টুর্নামেন্টটিতে খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

বিজ্ঞাপন


এর আগে খবর ছড়িয়ে পড়েছিল, এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে ভারত। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এশিয়া কাপের সম্প্রচারস্বত্ব কেনা সনি নেটওয়ার্ক সম্প্রতি টুর্নামেন্টের প্রোমো ভিডিও প্রকাশ করেছে। বিজ্ঞাপনের প্রচ্ছদে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত, ভারতের সূর্যকুমার যাদব আর শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কাকে দেখা যাচ্ছে। এতে সবাই ধারণা করছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে সবুজ সংকেত পেয়েছে বলেই সনি স্পোর্টস নেটওয়ার্ক এশিয়া কাপের বিজ্ঞাপন প্রচার করে যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন