বিপিএল ঘিরে বিতর্ক যেন থামছেই না। বিপিএলের ১১তম আসর চলাকালেই পারভেজ হোসেন ইমনের পারিশ্রমিক না দিয়ে আলোচনার জন্ম দেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। পাশাপাশি একই সময়ে হোস্ট ইয়াশা সাগার ও ব্র্যান্ড আম্বাসেডর শহীদ আফ্রিদির পারিশ্রমিক নিয়েও বিতর্ক তৈরি হয়। বিপিএল চলাকালে এত বিতর্কের জন্ম দেওয়া চিটাগং কিংসকে নিয়ে নতুন ঝামেলার শুরু দিন কয়েক আগে। বিসিবি থেকে আইনি নোটিস পাঠিয়ে ৪৬ কোটি টাকা পাওনার কথা জানানো হয়। এ নিয়ে ক্ষোভ ঝেড়ে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী জানান, বিসিবি তার কাছে এত বেশি পরিমাণ অর্থ পাবে না। এর প্রতিবাদ জানিয়ে গতকাল করা সংবাদ সম্মেলনে চিটাগং কিংসের মালিক জানান, চিটাগং কিংস নয়, বিপিএলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বিসিবি।
বিসিবির পাওনা দাবির ঘটনার প্রতিবাদ জানিয়ে করা সংবাদ সম্মেলনে খেলোয়াড়, কোচিং স্টাফসহ টিম ম্যানেজমেন্টসহ অন্যদের পারিশ্রমিক বকেয়া থাকার প্রশ্ন উঠলে সামির কাদের চৌধুরী তা অস্বীকার করেননি। তার দাবি, যাদের পারিশ্রমিক বাকি আছে, সেটা বিসিবি থেকে প্রাপ্ত লভ্যাংশ থেকে দেওয়ার কথা রয়েছে তাদের। এর জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে বিসিবিকে চিঠি দিয়েছেন বলেও জানান তিনি।
বিপিএলের প্রথম দুই আসরে খেলেছিল চিটাগং কিংস। ওই দুই আসরেও পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক তৈরি হয়েছিল। এমনকি ফ্র্যাঞ্চাইজি ফিসহ বিসিবির অন্যান্য বিল পরিশোধ না করার অভিযোগ ছিল দলটির বিপক্ষে। সমঝোতার মাধ্যমে জরিমানার পরিমাণ কমিয়ে গত আসরে তাদের খেলার সুযোগ করে দেওয়া হয়। এরপরই চিটাগং কিংস পায় ৪৬ কোটি টাকা বকেয়া পরিশোধের আইনি নোটিস।
এ নিয়ে সামির কাদের চৌধুরী জানান, গত আসরে আসার আগে সেটা নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছিল। সেখানে তাকে সাড়ে তিন কোটি টাকা পরিশোধের কথা বলা হয়েছিল বলে তার দাবি। তবে হুট করেই সেটা কেন ৪৬ কোটি হলো, সে ব্যাপারে কিছুই জানেন না তিনি। এমনকি বিসিবির কাছ থেকে চুক্তির কাগজপত্র পাননি বলেও জানান চিটাগং কিংসের কর্ণধার। তার দাবি, বিসিবি পরিচালকরাও এই টাকার পরিমাণ সম্পর্কে সঠিকভাবে কিছু জানেন না। পাশাপাশি দুই পক্ষের মধ্যে ঠিকঠাক যোগাযোগ হচ্ছে না বলেও জানান তিনি।
তবে এখন বিসিবির পক্ষ থেকে তার সঙ্গে সমস্যা সমাধানের জন্য বসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সামির। তার কথায়, ‘২০১৮ সালে বিসিবি বকেয়ার বিষয়ে হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়েছিল। ফারুক আহমেদের সঙ্গে আমাদের সমঝোতা হয় সাড়ে ৩ কোটি টাকা দিতে হবে। এখন সেটা ৪৬ কোটি কীভাবে হলোÑএটা বিসিবিও জানে না। আমার সঙ্গে বসতে রাজি হয়েছে তারা।’ এদিকে বিপিএলের ভাবমূর্তি নষ্টের পেছনেও বিসিবির দায় দেখছেন চিটাগং কিংসের মালিক। তিনি বলেন, ‘বিপিএলের ভাবমূর্তি নষ্ট করেছে বিসিবি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

