নারী ক্রিকেট বিশ্বকাপ

দারুণ জয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

দারুণ জয়ে শুরু বাংলাদেশের মেয়েদের
বাংলাদেশের মেয়েদের উইকেট উদযাপন

ব্যাটিং-বোলিং মিলিয়ে দুর্দান্ত খেলল দেশের মেয়েরা। মারুফা আক্তারের পেস তোপের পর ঘূর্ণি জাদু উপহার দেন স্বর্ণা আক্তার। দুজনের দুরন্ত বোলিংয়ের পর ব্যাট হাতে ঝলক দিয়ে ফিফটি আদায় করেন রুবিয়া হায়দার। ত্রয়ীর দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে নারী ক্রিকেট বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ। জয়টা এলো ১১৩ বল হাতে রেখেই।

বিজ্ঞাপন

লক্ষ্য তাড়া করতে নেমে ফিফটি হাঁকান রবিয়া হায়দার (৫৪*)। তার হাফ সেঞ্চুরির ওপর ভর করে ৩ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে জয়ের বন্দরে নোঙর করে লাল-সবুজ জার্সিধারীরা। ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে ২৩ রান। আর ২৪* রানে অপরাজিত থেকে যান সোবহানা মোস্তারি।

বাংলাদেশের দাপুটে বোলিংয়ে নারী ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। পাকিস্তানের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৩ রান করেন রামিন শামিম। দলীয় স্কোরে ২২ রান যোগ করেন ক্যাপ্টেন ফাতিমা সানা। এছাড়া মুনিবা আলী ১৭, সিদরা নাওয়াজ ১৫ ও আলিয়া রিয়াজ ১৩ রান এনে দেন। আর ১৬* রানে অপরাজিত থেকে যান দিয়ানা বেগ।

বাংলাদেশের হয়ে পাঁচ রান দিয়ে তিন উইকেট নেন স্বর্ণা আক্তার। দুটি করে উইকেট শিকার করেন মারুফা ও নাহিদা আক্তার।

কলম্বোতে টস হেরে মাঠে নেমে দারুণ বোলিং শুরু করে বাংলাদেশের মেয়েরা। মারুফা আক্তারের ঝড়ে প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। চমক দেখিয়ে ইনিংসের প্রথম ওভারের শেষ দুই বলে টানা দুই উইকেট নেন দেশের তারকা এই পেসার। সাজঘরে ফিরিয়ে দেন ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে। দুজনে আউট হয়েছেন শূন্য রানে। তাতে দলীয় দুই রানে দুই উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।

তার আগে নারী ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তানের নারী টিম।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ১২৯/১০, ৩৮.৩ ওভার (রামিন ২৩, ফাতিমা ২২, মুনিবা ১৭, দিয়ানা ১৬*, সিদরা ১৫ ও আলিয়া ১৩; স্বর্ণা ৩/৫, নাহিদা ২/১৯ ও মারুফা ২/৩১)।

বাংলাদেশ : ১৩১/৩, ৩১.১ ওভার (রুবিয়া ৫৪*, জ্যোতি ২৩, মোস্তারির ২৪*; ফাতিমা ১/৩০, রামিন ১/২৫ ও দিয়ানা ১/১৪)।

ফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: মারুফা আক্তার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...