অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ প্রোটিয়াদের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ প্রোটিয়াদের

রানের পাহাড় গড়েও অস্ট্রেলিয়ার দারুণ শুরুর সামনে একসময় চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে শেষ পর্যন্ত বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ৩২ রানের জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। শুরুতেই কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে অধিনায়ক টেম্বা বাভুমা একপ্রান্ত আগলে রেখে ইনিংস গড়ার কাজ করেন। ১১৬ বলে ১০৩ রানের দারুণ সেঞ্চুরি করেন তিনি। বাভুমার বিদায়ের পর ব্যাট হাতে ঝড় তোলেন ডেভিড মিলার।

শুরুতে দেখেশুনে খেললেও শেষদিকে অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চড়াও হন মিলার। মাত্র ৭৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৯৩ বলে ১৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই বাঁহাতি। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৯টি ছক্কা। ডুয়ান ইয়ানসেন ১৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন, মার্কো ইয়ানসেন করেন ১৯ রান। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৫ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার হয়ে জ্যাক এডওয়ার্ডস সর্বোচ্চ পাঁচটি এবং জশ হ্যাজলউড তিনটি উইকেট নেন।

জবাবে উড়ন্ত সূচনা করে অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ ও ট্রাভিস হেড মাত্র ১৭ ওভারে ১৩০ রানের জুটি গড়েন। দুজনই ৮৪ রান করে আউট হন। এরপর জাভিয়ার বার্টলেট ২৮ বলে ফিফটি করে লড়াই জমিয়ে তোলেন। ম্যাট রেনশো করেন ৩২ এবং জ্যাক এডওয়ার্ডস ২৫ রান।

তবে বার্টলেট ছাড়া আর কেউ প্রোটিয়া বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। তাতে শেষমেশ ৪৯.৪ ওভারে ৩৩৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার হয়ে লিজার্ড উইলিয়ামস তিনটি এবং মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ ও বিজোর্ন ফরচুন দুটি করে উইকেট নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন