শুরুতে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন যশস্বী জয়সওয়াল। পরে চমৎকার ব্যাটিংয়ে সেঞ্চুরি আদায় করেছেন শুবমান গিল। ব্যাট হাতে দারুণ সময় যাচ্ছে যশস্বী জয়সওয়ালের। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে হাঁকিয়েছিলেন দারুণ এক সেঞ্চুরি। এবার দ্বিতীয় টেস্টেও হাসি ফুটেছে তার ব্যাটে। এজবাস্টনে ব্যাট করতে নেমেই ঝলক দেখিয়েছেন তারকা এ ওপেনার। তবে সেঞ্চুরির আভাস দিয়েও বঞ্চিত হয়েছেন জাদুকরী তিন অঙ্ক থেকে। ৮৭ রানের দুর্বার এক ইনিংস খেলেছেন জয়সওয়াল। ১০৭ বলের ইনিংসটি সাজিয়েছেন ১৩ বাউন্ডারির মারে।
আর ১১৪ রানের দুরন্ত এক ইনিংস খেলে অপরাজিত রয়ে গেছেন গিল। ২১৬ বলের ইনিংসটিতে আছে ১২টি বাউন্ডারি। দুজনের ব্যাটিং দৃঢ়তায় শুরুর বিপদ কাটিয়ে ইংলিশদের পেস তোপ বেশ ভালোভাবেই সামলে দাপট দেখিয়েছেন ভারতীয়রা। তাতে প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩১০ রানের সংগ্রহ গড়েছে ভারত।
তবে তার আগে শুরুটা মোটেই ভালো ছিল না সফরকারীদের। দলীয় ১৫ রানে হারিয়ে ফেলেছিল তারা ওপেনার লোকেশ রাহুলের (২) উইকেট। করুন নায়ার দলীয় স্কোরে ৩১ রান যোগ করে ফেরেন। আর রিশব পন্তের ব্যাট থেকে এসেছে ২৫ রান। ৪১ রান নিয়ে উইকেটে ঠিকে আছেন রবীন্দ্র জাদেজা।
ইংল্যান্ডের জার্সি গায়ে দুটি উইকেট শিকার করেন ক্রিস ওকস। একটি করে উইকেট পেয়েছেন ব্রাইডন কার্স, বেন স্টোকস ও শোয়েব বশির। তার আগে বার্মিংহ্যামে টস জিতে ফিল্ডিং বেছে নেয় ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস : ৩১০/৫, ৮৫ ওভার (জয়সওয়াল ৮৭, শুবমান ১১৪ ব্যাটিং, নায়ার ৩১, জাদেজা ৪১ ব্যাটিং, পন্ত ২৫; ওকস ২/৫৯)। *প্রথম দিন শেষে
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

