সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

দক্ষিণ আফ্রিকায় টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়ায় রাইজিং স্টার্স এশিয়া কাপে যেতে পারছেন না নাঈম শেখ। তার বদলি হিসেবে দলে এসেছিলেন সাইফ হাসান। তবে এবার নেতৃত্বও তুলে দেয়া হলো সাইফের হাতে।

বিজ্ঞাপন

রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে রাইজিং স্টার্স টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের এ' দল ঘোষণা করে বিসিবি। প্রাথমিক স্কোয়াডের সঙ্গে সবচেয়ে বড় পরিবর্তন সাইফের অন্তর্ভুক্তি।

এছাড়া জাতীয় দলের নিয়মিত ক্রিকেটাদের মধ্যে পারভেজ হোসেন ইমনকেও রাখা হয়েছে দলে। মিডল অর্ডারে খেলার জন্য শাহাদাত হোসেন দিপুকে জায়গা দেওয়া হয়েছে।

স্কোয়াডে আছেন আন্তর্জাতিক ম্যাচ খেলা অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, ইয়াসির আলি চৌধুরীরা। আছেন ঘরোয়া ক্রিকেটে অনেক অভিজ্ঞতা থাকা ইরফান শুক্কুর। প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, এসএম মেহরব।।

কাতারে আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাইজিং স্টার্স এশিয়া কাপের এবারের আসর চলবে। খেলা হবে ওয়ানডে ফরম্যাটে। দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে আটটি দল। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের 'এ' দল অংশ নিলেও হংকং, সংযুক্ত আরব আমিরাত ও নেপালের মূল দল খেলবে।

এ' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষরা হলো আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। 'বি' গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে আরব আমিরাত ও নেপাল। ম্যাচগুলো হবে দোহার দুটি ভেন্যুতে— ওয়েস্ট এন্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ডব্লিউইআইসিএস) ও ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউডিএসটি) মাঠে।

রাইজিং স্টার্স এশিয়া কাপের বাংলাদেশ 'এ' দল: পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান (অধিনায়ক), ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলি চৌধুরী, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, সামিউন বশির রাতুল, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন ইমন, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফুদ্দিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন