ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে ৩৩৬ রানের বড় জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে ভারত। এই ম্যাচে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়ে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করার মধ্যে দিয়ে অনেকগুলো রেকর্ডে নাম লিখিয়েছেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল।
ইংল্যান্ডের মাটিতে ভারত প্রথম টেস্ট খেলেছিল ১৯৩২ সালে। সময়ের হিসেবে ৯৩ বছর আগে। এই সময়ের মধ্যে ইংল্যান্ডে প্রথম ডাবল সেঞ্চুরি করা ভারতীয় অধিনায়ক গিল। সেনা (SENA-দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশে ডাবল সেঞ্চুরি করা উপমহাদেশের প্রথম অধিনায়কও গিল। তার ২৬৯ রান টেস্টে কোনো ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ ইনিংস।
গিলের ইনিংসটি সফরকারী অধিনায়কদের মধ্যে ইংল্যান্ডে তৃতীয় সর্বোচ্চ। তার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (২৭৭) ও অস্ট্রেলিয়ার বব সিম্পসন (৩১১)। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডে ভারতের হয়ে সর্বোচ্চ ইনিংসও এখন গিলের। তার পেছনে আছেন সুনিল গাভাস্কার (২২১) ও রাহুল দ্রাবিড় (২১৭)।
টেস্টে ডাবল সেঞ্চুরি করা ভারতের ষষ্ঠ অধিনায়ক গিল। এই তালিকায় আগের পাঁচজন- মনসুর আলি খান পাতৌদি, গাভাস্কার, টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। ভারতীয় দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন গিল (২৫ বছর ২৯৮ দিন)। প্রথম পাতৌদি (২৩ বছর ৩৯ দিন)। ইংল্যান্ডে অধিনায়কদের টেস্ট ডাবল সেঞ্চুরি ১১টি। এর মধ্যে গিলের চেয়ে কম বয়সে এই স্বাদ পেয়েছেন শুধু গ্রায়েম স্মিথ (২২ বছর ১৭৫ দিন)। ২৫ বছরের কম বয়সে ওয়ানডে ও টেস্টে ডাবল সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার গিল। ওয়ানডে ও টেস্টে ডাবল এবং টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার গিল। তার আগের দুজন গেইল ও রোহিত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

