সম্প্রতি সিঙ্গাপুরের কাছে বাংলাদেশ হারের পর তুমুল সমালোচনার মুখে পড়েন জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। এই কোচের পদত্যাগ দাবি করেন বাফুফের নির্বাহী কমিটির একজন সদস্যও। সর্বশেষ প্রবাসী ফুটবলারদের তিন দিনের ট্রায়ালের শেষ দিন জাতীয় স্টেডিয়ামে এই স্প্যানিশ কোচকে দর্শকদের দুয়োধ্বনিও শুনতে হয়েছে।
তবে এই কোচের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাফুফে। বরং তার কাজের চাপ বাড়িয়ে দেওয়া হয়েছে। গত বুধবার বাফুফে ডেভেলপমেন্ট কমিটি কোচ কাবরেরাকে নিয়ে এক সভায় বসেছিল। নাসের শাহরিয়ার জাহিদীর সভাপতিত্বে হওয়া এ সভায় জাতীয় দলের কোচকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা যায়, কাবরেরাকে আগামী তিন সপ্তাহের মধ্যে দেশের তৃণমূল পর্যায়ের ফুটবল উন্নয়ন ও একটি বাস্তবভিত্তিক রোডম্যাপ দিতে বলা হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য নানা দিক সভায় মৌখিকভাবে তুলে ধরলেও জাতীয় দলের প্রধান কোচকে লিখিতভাবে তার পরিকল্পনা ও পরামর্শগুলো উপস্থাপন করতে বলা হয়েছে।
বাফুফের ট্রায়াল শেষে দেশের ফেরার পরিবর্তে এখন বাফুফের দেওয়া বাড়তি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করতে হচ্ছে কাবরেরাকে। তবে এটাও জানা গেছে, কাজের চাপের মধ্যে ফেলে কাবরেরাকে বিদায় করতে চায় বাফুফে!
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

