ক্যারিয়ারের হাজার গোলের মাইলফলক ছুঁতে আর মাত্র ১৩ গোল দূরে ক্রিশ্চিয়ানো রোনালদো। আল সাদের বিপক্ষে জালের দেখা পেয়ে নিজের ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৮৭-তে নিয়ে গেছেন পর্তুগিজ মহাতারকা। তাঁর সঙ্গে জোয়াও ফেলিক্সের গোলও জয় এনে দিয়েছে আল নাসরকে।
এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচে নিজেদের মাঠে আল সাদকে ২-১ গোলে হারিয়েছে সৌদি আরবের ক্লাবটি। এই জয়ে ইস্টার্ন অঞ্চলের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে আল নাসর।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকেরা। ১৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন রোনালদো। বক্সের মধ্যে তাঁকে ফাউল করেছিলেন আল সাদের মিডফিল্ডার মোহাম্মদ কামারা। স্পটকিক থেকে নিখুঁত শটে বল জালে পাঠান পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। এটি ছিল তাঁর ক্যারিয়ারের ১৮৫তম পেনাল্টি গোল।
তবে আল নাসরের সেই স্বস্তি স্থায়ী হয় মাত্র ৯ মিনিট। ২২ মিনিটে ওয়াদের গোলে সমতায় ফেরে আল সাদ। প্রথমার্ধের শেষ দিকে আবারও গোল করেছিলেন রোনালদো। কিন্তু ভিএআরের পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় বাতিল হয়ে যায় তাঁর সেই গোল।
বিরতির ঠিক আগে যোগ করা সময়ে সরাসরি লাল কার্ড দেখেন আল সাদের ওয়াদ। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় সফরকারীদের।
দ্বিতীয়ার্ধে সেই সংখ্যাধিক্যের সুবিধা কাজে লাগায় আল নাসর। ৫২ মিনিটে দুর্দান্ত এক ওভারহেড কিকে দলকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। বক্সের ভেতর থেকে নেওয়া তাঁর শট ঠেকানোর কোনো সুযোগই পাননি আল সাদের গোলরক্ষক। শেষ পর্যন্ত ওই গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে স্বাগতিকেরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

