সরকার ও শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি উপেক্ষা করে আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ঢাকার ধামরাই উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বোর্ড নির্ধারিত ফির বাইরে বিভিন্ন খাতের নাম দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের অভিভাবকরা।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ঐতিহ্যবাহী ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, ভালুম আতাউর রহমান খান স্কুল, আলহাজ জামাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়, আব্দুস সুবহান মডেল হাই স্কুল, সূয়াপুর নান্নার স্কুল এন্ড কলেজ, ধামরাই গালর্স হাই স্কুলসহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে ফরম পূরণকে কেন্দ্র করে ৫ হাজার বা এর অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। কিন্ডারগার্টেন স্কুল গুলোতে ১০ থেকে ১২ হাজার টাকাও নেয়া হচ্ছে। সন্তানের শিক্ষাজীবন ও পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে অনেকটা বাধ্য হয়েই এসব টাকা পরিশোধ করছেন অভিভাবকরা।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি অনুযায়ী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কেন্দ্র ফি ৫১৫ টাকা ও বোর্ড ফি ১ হাজার ৯২০ টাকা, সর্বমোট ২ হাজার ৪৩৫ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কেন্দ্র ফি ৪৮৫ টাকা এবং বোর্ড ফি ১ হাজার ৮৩০ টাকা, সর্বমোট ২ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
কিন্তু অভিযোগ রয়েছে, বোর্ড নির্ধারিত ফির বাইরে কোচিং ফি বাবদ ২ হাজার টাকা, উন্নয়ন ফি বাবদ ৬০০ টাকা এবং অনলাইন ও কম্পিউটার-সংক্রান্ত কাজের অজুহাতে ২০০ টাকাসহ বিভিন্ন খাত দেখিয়ে এসব অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। ফলে বিভাগভেদে নির্ধারিত ফির চেয়ে কয়েক হাজার টাকা বেশি দিতে হচ্ছে শিক্ষার্থী বা তাদের অভিভাবকদের ।
নাম প্রকাশ না করার শর্তে ধামরাই হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার যেখানে ফরম পূরণের ফি নির্ধারণ করে দিয়েছে, সেখানে স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন খাত দেখিয়ে অতিরিক্ত টাকা নিচ্ছে। টাকা না দিলে ফরম পূরণ করতে দেওয়া হচ্ছে না। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বাধ্য হয়ে ধারদেনা করে টাকা দিতে হচ্ছে। প্রতিবাদ করলে সন্তানের পরীক্ষার ফলাফল বা ব্যবহারিক পরীক্ষার নম্বর কমিয়ে দেওয়ার আশঙ্কা থাকায় এক প্রকার বাধ্য হয়েই এই অতিরিক্ত টাকা দিতে হয় আমাদের।
এ বিষয়ে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জুলেখা বেগমের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, উপজেলা শিক্ষা অফিসার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সাথে মিটিং করে এই টাকা নির্ধারণ করে দিয়েছেন। আমরা এর বাইরে কোন অতিরিক্ত টাকা নিচ্ছি না। তবে কেউ যদি কমানোর জন্য আসেন তাদের আমারা কমিয়ে দেই।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের দাবি, অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নির্দেশনা রয়েছে।
কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি ইন্জিনিয়ার মিজানুর রহমান বলেন, শিক্ষকদের বেতন একেবারে সামান্য।
পরীক্ষা আগে বাচ্চাদেরও পড়ালেখার মান উন্নয়ন করতে হয়। এজন্য একটু বাড়তি টাকা নেয়। আমি একজন সরকারি কর্মকর্তা ছিলাম। তাই সরকারি নির্দেশের বাহিরে কোন টাকা নিতে না করেছি। কিন্তু শিক্ষা অফিসারই বলেছে মিটিং করে ৫ হাজার ১০০ টাকা নিতে; এটা প্রধান শিক্ষিকা আমাকে জানিয়েছে।
অভিযোগের বিষয়ে ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, আমি যতদূর জানি বোর্ডের ফি যেটা সেটাই নেয়ার কথা। বিগত দিনেও তারা ৫ হাজার করে নিয়েছিল। এটা জানতে চাওয়াতে তারা বলেছিল যে অতিরিক্ত তিন মাস ক্লাস করানো হয়, তখন শিক্ষকরা ক্লাস করাতে চান না। তাদের বেতনের জন্য কিছু অতিরিক্ত টাকা নিয়ে থাকি বলে জানিয়েছেন। সরকারি নির্ধারিত ফির পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উন্নয়ন ফি নিয়ে থাকে। আর সরকারি বিদ্যালয়ে তিন মাসের জন্য টাকা নেওয়া হচ্ছে, বিষয়টি সবাই অবগত।
এদিকে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন জানান, নির্ধারিত ফি-এর বাইরে কোনো অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নাই। অতিরিক্ত ক্লাস যারা করতে ইচ্ছুক একমাত্র তাদের কাছ থেকেই নির্ধারিত ফির বাইরে টাকা নিতে পারবেন। যারা অতিরিক্ত ক্লাস করবে না, তাদের কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা নেওয়ার সুযোগ নাই।
এ অবস্থায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং ইতোমধ্যে আদায় করা বাড়তি টাকা ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে উপজেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


