সাত গোলের রোমাঞ্চে ‘অবিশ্বাস্য’ অবামেয়াং

সাত গোলের রোমাঞ্চে ‘অবিশ্বাস্য’ অবামেয়াং

ফুটবল ম্যাচ মাঝে মধ্যে রোমাঞ্চের চেয়েও বেশি কিছু হয়ে দাঁড়ায়, সেটাই আরেকবার দেখা গেল গ্যাবন ও গাম্বিয়ার মধ্যকার ম্যাচে। যার কেন্দ্রবিন্দুতে গ্যাবনিজ তারকা পিয়েরে-এরিক অবামেয়াং সাত গোলের ম্যাচে একাই চার গোল করে দলকে জেতানোর পর ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে দেখলেন লাল কার্ড। এমন ম্যাচে ৪-৩ গোলের জয়ে বিশ্বকাপে খেলার আশা টিকিয়ে রাখল গ্যাবন।

ম্যাচের শুরুতেই গ্যাবনকে দুবার এগিয়ে নেন অবামেয়াং। প্রথমার্ধেই ইয়ানকুবা মিনটে ও আদামা সিদিবের গোলে সমতায় ফিরে বিরতিতে যায় গাম্বিয়া। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই সিদিবে হেডে গোল করে গাম্বিয়াকে ৩-২ তে এগিয়ে দেন। এরপর নিচু হেডে হ্যাটট্রিক সম্পন্ন করে সমতা ফেরান অবামেয়াং এবং ৭৮ মিনিটে দারুণ এক শটে চতুর্থ গোল করে দলকে আবার এগিয়ে দেন। এরপরই ৮৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

বিজ্ঞাপন

সোমবার বুরুন্ডির বিপক্ষে গ্যাবনের শেষ ম্যাচটি খেলতে পারবেন না অবামেয়াং। ওই ম্যাচে গ্যাবন যদি বুরুন্ডির বিপক্ষে জেতে এবং আইভরি কোস্ট যদি কেনিয়ার বিপক্ষে পয়েন্ট হারায়, তবে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা পেতে পারে গ্যাবন। পয়েন্ট সমান হলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় আইভরি কোস্ট যাবে বিশ্বকাপে। আফ্রিকান অঞ্চলের বাছাই পর্বে ‘এফ’ গ্রুপে বর্তমানে দুইয়ে আছে গ্যাবন। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ২২। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আইভরি কোস্ট। একই রাতে সেশেলসকে ৭-০ গোলে হারায় তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন