দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ১১ আগস্ট পর্তুগালের সৈকত শহর কাসকাইসে ঘরোয়া ও ব্যক্তিগত এক অনুষ্ঠানে বিয়ে করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পাঁচ সন্তান।
বিয়ের গুঞ্জন অবশ্য কয়েক দিন ধরেই চলছিল। শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিয়ের খবর নিশ্চিত করেন রোনালদো ও জর্জিনা। একটি ছবিতে দেখা যায়, জর্জিনার হাতের ওপর রোনালদোর হাত, দুজনের অনামিকায় বিয়ের আংটি। ছবির সঙ্গে ভালোবাসার প্রতীকসহ ‘সি’ ও ‘জি’ লিখে দেন রোনালদো।
গত বছরের ১১ আগস্ট বাগদানের ঘোষণা দিয়েছিলেন জর্জিনা। ঠিক এক বছর পরই সেই সম্পর্ক পেল নতুন পরিচয়। প্রায় এক দশকের সম্পর্কের পর এখন তারা আইনগতভাবে স্বামী-স্ত্রী।
রোনালদো ও জর্জিনার পরিচয় ২০১৬ সালে মাদ্রিদে। তখন জর্জিনা একটি গুচি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। সেখান থেকেই পরিচয়, এরপর প্রেম। ২০১৭ সালের শুরুতে প্রথমবারের মতো জনসমক্ষে একসঙ্গে দেখা যায় তাদের। একই বছর সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন রোনালদো।
এই জুটি এখন ফুটবলের গণ্ডি ছাড়িয়ে বিশ্বজুড়ে পরিচিত তারকা দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্মিলিত অনুসারীর সংখ্যা ৭৫ কোটিরও বেশি। ফ্যাশন ও ব্যবসাসহ বিভিন্ন খাতেও রয়েছে তাদের বিনিয়োগ।
পরিবারেও কম নয় তাদের গল্প। রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র ২০১০ সালে জন্ম নেয়। পরে ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান ইভা মারিয়া ও মাতেওর বাবা হন রোনালদো। একই বছর জর্জিনার ঘরে জন্ম নেয় তাদের মেয়ে অ্যালানা মার্টিনা। ২০২২ সালে যমজ সন্তানের জন্মের সময় ছেলে অ্যাঞ্জেল মারা যায়; মেয়ে বেলা বেঁচে থাকে।
ফুটবল মাঠেও রোনালদোর অর্জনের তালিকা দীর্ঘ। পেশাদার ক্যারিয়ারে ৯৭৬ গোল করেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে সাফল্যের পর বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন ৪১ বছর বয়সী এই তারকা। জিতেছেন পাঁচটি ব্যালন ডি’অর ও পাঁচটি চ্যাম্পিয়নস লিগ। পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও গোলের রেকর্ডও তার দখলে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

