তিনটি দলের সঙ্গে মোট চারটি প্রীতি ম্যাচ খেলতে চলতি বছরের শেষদিকে এশিয়া ও আফ্রিকা সফর করবে আর্জেন্টিনা। এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক প্রচারমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী অক্টোবরে ফিফা উইন্ডোতে চীন সফর করবে আর্জেন্টিনা। সফরে দুটি ম্যাচ খেলবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ এখনও চূড়ান্ত না হলেও চীন জাতীয় দলের পাশাপাশি অন্য একটি দলের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা আছে আর্জেন্টিনার।
নভেম্বরে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় যাবে আর্জেন্টিনা। স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উপলক্ষ্যে আগামী ১১ নভেম্বর মধ্য আফ্রিকার দেশটির বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে জায়ান্টদের। অ্যাঙ্গোলা সফর শেষে কাতার যাবে আর্জেন্টিনা।
বাছাইপর্বের ৫ ম্যাচ বাকি থাকতেই ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে আর্জেন্টিনা। বাছাইপর্বে লিওনেল স্কালোনির দলের বাকি ৪ ম্যাচ শেষ হবে সেপ্টেম্বরে। বাছাইপর্ব শেষ হওয়ার পর বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত আর কোনো ম্যাচ নেই আর্জেন্টিনার। মাঝের লম্বা সময়টাতে তাই বসে না থেকে প্রীতি ম্যাচ খেলেই নিজেদের ঝালিয়ে নেবে মেসি অ্যান্ড কোং।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

