ক্লাব বিশ্বকাপ সেমিফাইনাল

ইউরোপীয় জায়ান্টদের সামনে ব্রাজিলের প্রতিনিধিরা

ইউরোপীয় জায়ান্টদের সামনে ব্রাজিলের প্রতিনিধিরা

ক্লাব বিশ্বকাপের মহারণ শেষ ধাপে এসে পৌঁছেছে। ৩২ দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট উদ্দীপনা, উন্মাদনা আর নাটকীয়তার মোড় পেরিয়ে এসে ঠেকেছে চার দলে। অর্থাৎ কোয়ার্টার ফাইনাল পেরিয়ে সেমিফাইনালে পা রেখেছে চার দল পিএসজি, রিয়াল মাদ্রিদ, চেলসি ও ফ্লুমিনেন্সে। এদের মধ্যে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চেলসি ও ফ্লুমিনেন্সে। বাংলাদেশ সময় আজ রাত ১টায় ইউরোপীয় জায়ান্টদের সঙ্গে লড়বে ব্রাজিলের প্রতিনিধিরা।

ক্লাব বিশ্বকাপের এবারের আসরে ব্রাজিলের মোট চারটি ক্লাব অংশগ্রহণ করেছিল। গ্রুপ পর্বে চারদলই বেশ চমক দেখিয়ে উঠে গিয়েছিল শেষ ষোলোয়। সেখান থেকে ফ্লুমিনেন্সে ও পালমেইরাস জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। তবে পালমেইরাসের ভাগ্য সহায় না হওয়ায় ব্রাজিলের একমাত্র প্রতিনিধি হিসেবে টিকে আছে ফ্লুমিনেন্সে। আজ তাদের সামনের ফাইনালের লড়াইয়ে লাতিন আমেরিকার পতাকা ওড়ানোর চ্যালেঞ্জও।

বিজ্ঞাপন

সেমিফাইনালে চেলসিকে হারানো কঠিন হবে ফ্লুমিনেন্সের জন্য। তবে অসম্ভব নয়। শেষ ষোলোয় ইন্টার মিলানকে ২–০ গোলে হারিয়েছে ব্রাজিলিয়ান দলটি। কোয়ার্টারে তারা হাড্ডাহাড্ডি লড়াই করে ২-১ গোলে হারিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালকে। অন্যদিকে কোয়ার্টারে চেলসিও ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিলের পালমেইরাসকে। ফলে একদিকে ফ্লুমিনেন্সের জন্য লড়াইটা প্রতিশোধেরও।

সেমিফাইনালে চেলসির একাদশে পরিবর্তন আসছে নিশ্চিত। কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ড দেখায় সেমিফাইনালে খেলতে পারবেন না লিয়াম দেলাপ ও লেভি কলওয়েল, তাতে আক্রমণ ভাগে দেখা যেতে পারে সম্প্রতি দলে নাম লেখানো ব্রাজিলের জোয়াও পেদ্রোকে। ফ্লুমিনেন্সে পাচ্ছে না সেন্টার ব্যাক জোয়ান পাবলো ফ্রেইতাস ও মিডফিল্ডার মার্তেনেল্লিকে। ফলে জায়গা পেতে পারেন হারকিউলিস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন