মোস্তাফিজের জোড়া উইকেটে জিতল দুবাই

মোস্তাফিজের জোড়া উইকেটে জিতল দুবাই

শুরুর ম্যাচে উইকেটশূন্য থাকার পর দারুণভাবে ঘুরে দাঁড়ালেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি২০) প্রথম জয়ের দেখা পেয়েছে দুবাই ক্যাপিটালস। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডেজার্ট ভাইপার্সকে ৪৫ রানে হারিয়েছে দলটি। মোস্তাফিজ ২.৫ ওভারে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট।

টসের পর ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে সাত উইকেটে ১৬৪ রান তোলে দুবাই ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক স্যাম বিলিংস। ৩১ বলের ইনিংসে ছিল তার চারটি চার ও একটি ছক্কা। রভম্যান পাওয়েল ১২ বলে ২৮ রান করে ইনিংসের গতি বাড়ান। ডেজার্ট ভাইপার্সের হয়ে তিনটি উইকেট নেন খুজাইমা তানভীর।

বিজ্ঞাপন

জবাবে ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভাইপার্স। আফগান স্পিনার নূর আহমেদের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারায় তারা। ২০ রানও করতে পারেননি দলের অধিকাংশ ব্যাটার। সর্বোচ্চ ৩০ বলে ২৭ রান করেন আন্দ্রিস গাউস। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে ১১৯ রানেই গুটিয়ে যায় ভাইপার্স।

মোস্তাফিজকে আক্রমণে আনা হয় ইনিংসের পঞ্চম ওভারে। নিজের প্রথম ওভারেই পাকিস্তানি ওপেনার ফখর জামানকে ফিরিয়ে দেন তিনি। পরে নিজের তৃতীয় ওভারে মুজিব উর রহমানকে আউট করে পূর্ণ করেন দ্বিতীয় শিকার। তার দুই উইকেটের পাশাপাশি নূর আহমেদ নেন ২০ রানে চার উইকেট। ম্যাচসেরাও হন আফগান স্পিনার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন