চ্যাম্পিয়নস ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের শাহিনসের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি মাঠে টস জিতেছেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রস্তুতি ম্যাচে দলে থাকা ১৫ জনের যে কাউকে ব্যাটিং বা বোলিংয়ে নামাতে পারবে বাংলাদেশ। দলের সবার প্রস্তুতি ঝালিয়ে নিতেই এই আয়োজন। অর্থাৎ ব্যাটিংয়ের সময় এক রকম একাদশ এবং বোলিংয়ের সময় সেই একাদশে বদল আনতে পারবে বাংলাদেশ।
বিপিএল শেষ করে ওয়ানডে সিরিজ খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। অনুমিতভাবেই প্রস্তুতির ঘাটতি নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে নামবে নাজমুল হোসেন শান্ত’র দল। যেখানে অন্যান্য দলগুলো দ্বিপাক্ষীক সিরিজ খেলে আসন্ন টুর্নামেন্টের জন্য প্রস্তুতি সেরেছে।
সবশেষ গত ১২ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলেছে বাংলাদেশ। অর্থ্যাৎ ৩ মাসেরও বেশি সময় পর এই সংস্করণে খেলতে নামবে লাল সবুজের দল।
বাংলাদেশের জন্য সবশেষ ওয়ানডে সিরিজের স্মৃতিটাও সুখকর নয়। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরে যায় তারা। সব মিলিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করাটা বেশ চ্যালেঞ্জিং হয়ে যাবে বাংলাদেশের জন্য।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

