দরজায় কড়া নাড়ছে নতুন মৌসুম। তাই ইউরোপিয়ান জায়ান্ট টিমগুলো ঘাম ঝরাচ্ছে প্রস্তুতি আর অনুশীলনে। তারই অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলা শুরু করেছে বার্সেলোনা। প্রাক-মৌসুমে প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে কাতালানরা।
গতকাল রোববার ভিসেল কোবেকে উড়িয়ে দিয়েছে তারা ৩-১ গোলে। এতে এশিয়া সফরটা জয়ে শুরু হলো বার্সার। নোয়েভির স্টেডিয়াম কোবেতে প্রথম ম্যাচেই হারিয়ে দিয়েছে তারা জাপানের ক্লাবটিকে। ম্যাচের ৩৩ মিনিটে বার্সাকে এগিয়ে দেন এরিক গার্সিয়া। ১০ মিনিট বাদে তাইসেই মিয়াশিরোর গোলে সমতায় ফেরে ভিসেল কোবে। ৭৭ মিনিটে স্প্যানিশ দলকে ফের এগিয়ে দেন রুনি বার্ডঘজি। ম্যাচ শেষের বাঁশি বাজার তিন মিনিট আগে পেদ্রো ফার্নান্দেজ বার্সার জয়ের ব্যবধান আরো বাড়িয়ে দেন।
নতুন মৌসুমে মাঠে নামার আগে আরো দুটি ম্যাচ খেলবে বার্সেলোনা। আর ম্যাচ দুটি খেলার জন্য যাবে দক্ষিণ কোরিয়া সফরে। এফসি সিউলের বিপক্ষে খেলবে তারা ৩১ জুলাই। আর দায়েগুকে মোকাবিলা করবে ৪ আগস্ট। পরে নতুন মৌসুম শুরুর আগে ১১ আগস্ট নিজেদের মাঠে জোয়ান গ্যাম্পার ট্রফিতে লড়বে ইতালির কোমোর বিপক্ষে। ১৫ আগস্ট মাঠে গড়াবে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম। বার্সেলোনা প্রথম ম্যাচ খেলবে ১৬ আগস্ট, প্রতিপক্ষ মায়োর্কা।
দিনের অন্য প্রীতি ম্যাচে দারুণ জয় পেয়েছে আর্সেনাল। ক্লাব প্রীতি ম্যাচে তারা ৩-২ গোলে ধরাশায়ী করেছে নিউক্যাসল ইউনাইটেডকে। গানারদের হয়ে গোল করেন মিকেল মেরিনো (৩৩ মিনিট) ও মার্টিন ওডেগার্ড (৮৪ মিনিট)। আর আত্মঘাতী গোলটি উপহার দেন অ্যালেক্স মার্ফি। নিউক্যাসলের হয়ে দুটি গোল করেন অ্যান্থনি এলাঙ্গা ও জ্যাকব মার্ফি। আর ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলের ঝলকে প্রীতি ম্যাচে ওয়েস্টহ্যামকে ২-১ গোলে ধরাশায়ী করেছে ম্যানইউ। ওয়েস্টহ্যামকে একটি গোল এনে দেন জ্যারোড বোয়েন।
একনজরে ফল
ভিসেল কোবে ১-৩ বার্সেলোনা
আর্সেনাল ৩-২ নিউক্যাসল
ম্যানইউ ২-১ ওয়েস্টহ্যাম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

