এজবাস্টন টেস্টে দাপট দেখাচ্ছে ভারত। দ্বিতীয় দিনের খেলা শেষে ব্যাটে-বলে ইংল্যান্ডের ওপর আধিপত্য বিস্তার করছে শুবমান গিল অ্যান্ড কোং। প্রথম ইনিংসে ৫১০ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে সফরকারী দল।
গিলের ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫৮৭ রানে অলআউট হয় ভারত। জবাবে ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। স্বাগতিকদের শুরুটা ছিল আরও ভয়াবহ। দলীয় ২৫ রানেই ৩ ব্যাটারকে হারায় তারা। বেন ডাকেট ও পোপ ফেলেন রানের খাতা খোলার আগেই। তৃতীয় ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১৯ রান করেন জ্যাক ক্রলি।
নির্বিঘ্নে দিনের বাকি অংশ পার করে দেন জো রুট ও হ্যারি ব্রুক। চতুর্থ উইকেটে ৫২ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়েছেন এই দুজন। ব্রুক ৩০ ও রুট ১৮ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। ইংল্যান্ডের পতন হওয়া ৩ উইকেটের মধ্যে দুইটাই নেন আকাশ দীপ। বাকিটা নেন মোহাম্মদ সিরাজ।
এর আগে ভারতকে বিশাল সংগ্রহ এনে দিতে ২৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গিল। জশ টাংয়ের বলে ওলি পোপের হাতে ধরা পড়ার আগে ৩০ চারের পাশাপাশি তিনটি ছয় মারেন অতিথিদের অধিনায়ক। রবীন্দ্র জাদেজার অবদান ৮৯ রান। ৮৭ রান এনে দেন যসশ্বী জয়সওয়াল। ৪২ রান করেন ওয়াশিংটন সুন্দর। করুন নায়ারের ব্যাট থেকে আসে ৩১ রান। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন শোয়েব বশির। টাং ও ক্রিস ওকসের শিকার দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত প্রথম ইনিংস : ৫৮৭/১০ (১৫১ ওভার); জয়সওয়াল ৮৭, শুবমান ২৬৯, জাদেজা ৮৯; বশির ৩/১৬৭, ওকস ২/৮১ ও টাং ২/১১৯
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৭৭/৩ (২০ ওভার); ব্রুক ৩০ ব্যাটিং, রুট ১৮ ব্যাটিং, ক্রলি ১৯; আকাশ ২/৩৬
*দ্বিতীয় দিন শেষে
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

