ঢাকায় বার্সা একাডেমির গ্রীষ্মকালীন ক্যাম্প শুরু

ঢাকায় বার্সা একাডেমির গ্রীষ্মকালীন ক্যাম্প শুরু

রোববার (২২ জুন) ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার উদ্যোগে বার্সা একাডেমি গ্রীষ্মকালীন ক্যাম্প শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রু এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম।

ক্যাম্পটি চলবে টানা পাঁচদিন। এই ক্যাম্পে বার্সা একাডেমির কোচদের কাছ থেকে ফুটবল সম্পর্কিত অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফাহাদ করিম। ফুটবলকে এগিয়ে নিতে এবং দীর্ঘমেয়াদী সাফল্য পেতে ভবিষ্যতে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা কর্তৃপক্ষকে স্থায়ী একাডেমি করার পরামর্শ দিয়েছেন তিনি। এজন্য বাফুফে থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এই ফুটবল সংগঠক।

বিজ্ঞাপন

barca academy summer camp 2

আমার দেশ-কে ফাহাদ করিম বলেন, ‘যেকোনো ধরনের ফুটবল উদ্যোগকে আমরা সব সময় স্বাগত জানাই। ফুটবল উদ্যোগ মানেই খেলোয়াড় তৈরি করা না। বাচ্চারা ফুটবল খেললে একজন ভালো মানুষ হয়। ফুটবল থেকে তারা নেতৃত্ব, আরেকজনের প্রতি সম্মান এসব বিষয় শিখতে পারে। ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার এটা পাঁচদিনের একটি ক্যাম্প। প্রতিষ্ঠানটির ইচ্ছা আছে ভবিষ্যতে বার্সেলোনার সঙ্গে কথা বলে একটি একাডেমি করার।’

তিনি আরও বলেন, ‘আমি সবসময়ই এই ধরনের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখি। আমার কাছে খুবই ভালো লেগেছে যে, বার্সেলোনার মতো নামকরা একটি ক্লাবের একাডেমির সঙ্গে ব্যক্তিগত উদ্যোগে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা একটি আয়োজন করেছে। আমি ওদের বলেছি,পাঁচদিনের ক্যাম্প করছেন এটা ভালো দিক। কিন্তু আগামীতে ভালো একটি একাডেমি করার চিন্তা করেন।’

‘ওদের সুন্দর মাঠ আছে, ভালো সুবিধা আছে। তাদেরকে পরামর্শ দিয়েছি, ভবিষ্যতে বার্সেলোনা কিংবা অন্য কোনো ক্লাবের সহযোগিতায় একাডেমির পরিকল্পনা করার জন্য। যেটা দীর্ঘমেয়াদী ভালো ফল এনে দেবে। সেক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহযোগিতা করবে। আমরা চাই ভালো একাডেমি হোক।’- আরো যোগ করেন বাফুফে সহ-সভাপতি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন