টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭

বাংলাদেশের ম্যাচে শুরু নতুন চক্র

বাংলাদেশের ম্যাচে শুরু নতুন চক্র

দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র। ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হতে না হতেই মাঠে গড়াতে যাচ্ছে আরেকটি চক্র। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজের মধ্য দিয়ে। আগামীকাল মঙ্গলবার স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে গল টেস্ট খেলবে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ২৫ জুন- ভেন্যু কলম্বো। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আসর শুরু হচ্ছে এই সিরিজ দিয়েই।

বিজ্ঞাপন

এ চক্রে সবচেয়ে বেশি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। লাল বলে অজিরা খেলবে সব মিলিয়ে ২২টি ম্যাচ। তাদের পর দ্বিতীয় সর্বোচ্চ ২১টি টেস্ট খেলবে ইংল্যান্ড। আর সবচেয়ে কম ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুদল খেলবে ১২টি করে টেস্ট। এ বছর মাত্র একটি সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই সিরিজটি খেলার জন্য অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল এখন রয়েছে শ্রীলঙ্কা সফরে।

২০২৬ সালের মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ২০০৩ সালের পর প্রথম টেস্ট সিরিজ খেলতে একই বছরের আগস্টে শান্তরা যাবে অস্ট্রেলিয়া সফরে। বাংলাদেশ নিজেদের মাঠে ২০২৬ সালের অক্টোবরে খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরে নভেম্বরে টাইগাররা উড়াল দেবে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে। বাংলাদেশের শেষ সিরিজ হবে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে। বাংলাদেশের আতিথ্য নিতে আসবে ইংল্যান্ড।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারও ৯টি দল অংশ নিচ্ছে। প্রতি দল খেলবে ছয়টি করে সিরিজ। প্রত্যেক দল তিনটি সিরিজ খেলবে ঘরের মাঠে। বাকি তিনটি সিরিজ খেলবে বিদেশের মাটিতে। পয়েন্ট প্রাপ্তির বিষয়টিও আগের মতোই রয়েছে। জিতলে নামের পাশে যোগ হবে ১২ পয়েন্ট। ড্র করলে ৪ পয়েন্ট আর টাই করলে ৬ পয়েন্ট।

ম্যাচের সংখ্যা এবার একটি বাড়িয়েছে আইসিসি। শিরোপা নির্ধারণীসহ ম্যাচ মাঠে গড়াবে ৭১টি। সিরিজ হবে ২৭টি। প্রতিটি সিরিজে সর্বোচ্চ পাঁচটি আর সর্বনিম্ন দুটি ম্যাচ হবে। ২০২৭ সালের জুনে ফাইনাল হবে লন্ডনের লর্ডসে। তার আগে ওই বছরের মার্চে শেষ সিরিজ হিসেবে পাকিস্তানের মাঠে দুটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন