আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিউজিল্যান্ডকে হারিয়ে হ্যাটট্রিক ট্রফি দ. আফ্রিকার

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডকে হারিয়ে হ্যাটট্রিক ট্রফি দ. আফ্রিকার

নিউজিল্যান্ডের মাটিতে আরেকটি স্মরণীয় সিরিজ জয়ের গল্প লিখল দক্ষিণ আফ্রিকা। সিরিজের শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে ৩-২ ব্যবধানে ট্রফি নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে সিরিজ নির্ধারণী পঞ্চম টি-টোয়েন্টিতে ৩৩ রানের জয় পেল সফরকারীরা। এই সিরিজ জিতে কিউইদের মাটিতে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের কৃতিত্বও গড়ল প্রোটিয়ারা।

ম্যাচে আগে ব্যাট করে তরুণ ব্যাটার কনর এস্তেহেইজেনের ঝড়ো ইনিংসে ১৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। জবাবে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৫৪ রানে থেমে যায় নিউজিল্যান্ড। এস্তেহেইজেন মাত্র ৩৩ বলে পাঁচটি চার ও ছয় ছক্কায় ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরার পুরস্কারও জিতেছেন। ২৪ বছর বয়সি এই ব্যাটার পাঁচ ম্যাচে করেছেন ২০০ রান।

বিজ্ঞাপন

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ধীরগতির ছিল দক্ষিণ আফ্রিকার। ১১তম ওভারে ৭৬ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ক্রিজে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এস্তেহেইজেন। শেষের ৫৯ বলে দলের স্কোরে যোগ হয় ১০৮ রান, যার বড় অবদান তার ব্যাট থেকেই আসে। এছাড়াও রুবিন হারমান ৩১ বলে ৩৯ এবং ভিয়ান মুল্ডার ২৯ বলে ৩১ রান করেন।

রান তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে যায় স্বাগতিকরা। মাঝের দিকে বেভন জ্যাকবস ১৯ বলে ৩৬ রান করে কিছুটা লড়াইয়ের আভাস দিলেও অন্যদের ব্যর্থতায় ম্যাচে ফেরার সুযোগ পায়নি দলটি। ৩০-এর ঘরও স্পর্শ করতে পারেননি আর কোনো ব্যাটার। বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে জেরাল্ড কুটসিয়া, ভিয়ান মুল্ডার এবং ওটনিল বার্টম্যান নেন দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ১৮৭/৪ (এস্তেহেইজেন ৭৫, হারমান ৩৯; সিয়ার্স ২/৩৭, ফোকস ১/২২)।

নিউজিল্যান্ড : ২০ ওভারে ১৫৪/৮ (জ্যাকবস ৩৬, রবিনসন ২৫; কোয়েৎজে ২/২১, মুল্ডার ২/২৮, বার্টম্যান ২/৩৩)।

ফল : দক্ষিণ আফ্রিকা ৩৩ রানে জয়ী।

সিরিজ : দক্ষিণ আফ্রিকা ৩-২ ব্যবধানে জয়ী।

ম্যাচ ও সিরিজসেরা : কনর এস্তেহেইজেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...