বদলে যাওয়া বাংলাদেশ প্রস্তুত

বদলে যাওয়া বাংলাদেশ প্রস্তুত

আজ অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। তিন সপ্তাহের বেশি প্রস্তুতি শেষে চূড়ান্ত পরীক্ষায় নামছে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব ম্যাচের সেই পরীক্ষায় প্রতিপক্ষ স্বাগতিক ভারত। শিলংয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দুদলের ম্যাচটি শুরু হবে। এর আগেও ভারতে গিয়ে অনেক ম্যাচ খেলেছে বাংলাদেশ ফুটবল দল। কিন্তু এবারের মতো উত্তাপ আর উত্তেজনার পারদ এত উঁচুতে ওঠেনি। এর পেছনের কারণ হলো দেওয়ান হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার বাংলাদেশ দলে যোগ দেওয়ায় অন্যবারের চেয়ে এবার ভারতের বিপক্ষে লড়াইটা অন্য মাত্রা পেয়েছে। আজ বাংলাদেশের জাতীয় দলে অভিষেক হবে হামজার। তার অভিষেক ম্যাচটি জয়ে রাঙিয়ে দেওয়ার লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ দল। অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, হামজার উপস্থিতিতে ভারতের বিপক্ষে জয়খরা ঘুচবে বলে আত্মবিশ্বাসী তারা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই অধিনায়ক আরো বলেছেন, ভারতের বিপক্ষে ম্যাচটি ঘিরে অনেক রোমাঞ্চিত তিনি।

হামজা যোগ দেওয়ায় দলের শক্তি বেড়েছে। দলের মানসিকতাও বদলেছে। খেলার ধরনেও পরিবর্তন এসেছে। সব মিলিয়ে বদলে যাওয়া বাংলাদেশ জয় পেতে আত্মবিশ্বাসী। অধিনায়ক জামাল বলেন, ‘ইতিবাচক দিকগুলোর একটি হলো হামজার দলে অন্তর্ভুক্তি। তবে লোকাল খেলোয়াড় যারা, তারাও তাদের খেলার মানে উন্নতি করছে। আমি মনে করি, তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে। অবশ্যই কোচ যখন এসেছিলেন, সে সময়ের চেয়ে এখন আমরা একেবারেই ভিন্ন ঘরানার ফুটবল খেলছি। তো অনেক বিষয় বদলেছে এবং আমি মনে করি, দুবছর আগের সাফের সময়ের চেয়ে এখন দলের খেলোয়াড়রা আরও বেশি প্রস্তুত। এ কারণেই আমরা বলছি, আমরা খুবই শক্তিশালী দল।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়দের মানে তেমন পার্থক্য দেখছেন না জামাল। তার মতে, বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ ও ইন্ডিয়ান সুপার লিগে পার্থক্য থাকলেও খেলোয়াড়দের মানে তেমন একটা তফাৎ নেই। তবে ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। অবশ্য এসব নিয়ে চিন্তা করেন না বাংলাদেশ অধিনায়ক জামাল। তিনি জানান, ‘আমাদের মনোযোগ শুধু ম্যাচ জয়ের দিকে।’ ভারত ম্যাচের আগে দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ হ্যাভিয়ের কাবরেরাও। দলের প্রস্তুতি ভালো হয়েছে বলে জানান তিনি। এই স্প্যানিশ কোচের মতে, প্রবাসী ও দেশের ফুটবলারদের সমন্বয়ে বাংলাদেশ অতীতের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী। কাবরেরা বলেন, ‘আগামীকালের (আজ) জন্য আমরা প্রস্তুত। ভারতের সিনিয়র দলের বিপক্ষে আমার কোচ হিসেবে খেলার প্রথম অভিজ্ঞতা হবে। আমরা জানি, ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। ২০০৩ সালের পর বাংলাদেশ তাদের হারাতে পারেনি। কিন্তু আবারও বলছি, আমরা খুবই আত্মবিশ্বাসী এবং অতীতের চেয়ে এবার বেশি শক্তিশালী। তা কেবল পারফরম্যান্সের দিক থেকেই নয়, মানসিকভাবেও।’

কাবরেরা জানান, গত ২৪ দিন ধরে খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করেছে। ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আশা করছেন তিনি। কাবরেরা মনে করেন, ভারতকে চ্যালেঞ্জের মুখে ফেলতে সক্ষম হবে বাংলাদেশ। ম্যাচের আগে ভারতে গিয়ে বাংলাদেশ দল নানা বিপাকে পড়েছে বলে খবর বেরিয়েছে। কিন্তু মাঠের লড়াইয়ে নামার আগে কোনো অজুহাত দাঁড় করাতে চান না কোচ কাবরেরা। ভারত ও বাংলাদেশ ম্যাচে হামজা চৌধুরী এবং সুনিল ছেত্রীর মধ্যে লড়াই জমবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এ দুই ফুটবলারকে ঘিরে রোমাঞ্চিত বাংলাদেশ কোচও। কাবরেরা জানান, ‘হামজার আসা আর সুনিলের ফেরা আরো রোমাঞ্চকর বিষয়। এটা খুব-খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। তবে নিশ্চিতভাবেই এটা শুধু দুজনের ম্যাচ নয়, আমরা যদি জিততে পারি, তাহলে সেটা শুধু হামজার জন্য হবে না।’ ভারতকে সমীহ করেই মাঠে নামবে বাংলাদেশ। তবে জয়ের দিকেই চোখ থাকবে জামালদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন