মৌসুমের প্রথম দেখায় অভিজ্ঞতা মোটেই ভালো ছিল না বার্সেলোনার। সেও আবার নিজেদের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে। কাতালানদের হারের তেতো স্বাদই হজম করতে বাধ্য করেছিল লাস পালমাস। ফিরতি ম্যাচে এবার ছিল সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ। সুযোগটা দারুণভাবে কাজে লাগাল বার্সা। শনিবার রাতে লা লিগার ম্যাচে স্বাগতিক লাস পালমাসকে ২-০ গোলে হারিয়েছে কোচ হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
তবে ম্যাচ শেষে ফ্লিক বললেন, ‘এই ম্যাচ নিয়ে আমি পুরোপুরি খুশি নই। তিন পয়েন্ট পেয়ে অবশ্য খুশি।’
গ্র্যান কানারিয়াতে বার্সাকে রুখে দেওয়ার চেষ্টার কোনো কমতি রাখেনি লাস পালমাস। আরেকটি অঘটন পুনর্মঞ্চস্থ করতে রক্ষণে গড়ে তুলেছিল দুর্ভেদ্য দেয়াল। আক্রমণ-পাল্টা আক্রমণে বেশ কবার বার্সার গোলপোস্টে হানাও দিয়েছে লাস পালমাস। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রতিপক্ষের চোখ রাঙানি উপেক্ষা করে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি দ্বিতীয়ার্ধে খেলল দারুণ। দুই বদলি ফুটবলার জালের সন্ধান পেতেই জয়ের উৎসবে মাতল লেভানডোভস্কি-ইয়ামাল-রাফিনহারা। বিরতির পর দলকে লিড এনে দেন দানি ওলমো। আর ইনজুরি টাইমে জয়ের ব্যবধান দ্বিগুণ করেন ফেররান তোরেস। গত নভেম্বরে প্রথম লেগে নিজেদের মাঠে সফরকারী লাস পালমাসের কাছে ২-১ গোলে হার মেনেছিল বার্সা। এবার শোধ তুলল তারা।
ম্যাচের ৬২ মিনিটে লামিনে ইয়ামালের কাছ থেকে দারুণ এক পাস পেয়ে ফেরমিন লোপেজের বদলি হিসেবে নামা ওলমোই ভেঙে দেন ম্যাচের নীরবতা। এ বছর এটাই তার প্রথম গোল। ইনজুরি টাইমে (৯০+৫) মিনিটে রাফিনহার অ্যাসিস্টে গোল এনে দেন ইয়ামালের বদলি ফুটবলার তোরেস।
স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিলের রাজত্ব নিয়ে বেশ কিছুদিন ধরেই ইঁদুর-বিড়াল লড়াই চলছে। তালিকার শীর্ষস্থান ছিনিয়ে নেওয়ার লড়াইটা অবশ্য তিন দলের মধ্যে সীমাবদ্ধ। সবার ওপরে থেকে নতুন বছরে পা রাখা অ্যাতলেটিকো মাদ্রিদ পিছিয়ে পড়েছিল জানুয়ারিতেই। কোচ ডিয়েগো সিমিওনের ক্লাবকে টপকে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু মাদ্রিদের দুই জায়ান্টকে বার্সেলোনা ছাড়িয়ে শীর্ষস্থান দখলে নেয় গত সপ্তাহে। ৫৮ দিন পর লা লিগার পয়েন্ট টেবিলের সেই রাজত্ব পুনরুদ্ধার করে বার্সা।
শনিবার রাতে জুলিয়ান আলভাজের জোড়া গোলের নৈপুণ্যে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো। সে সুবাদে বার্সাকে দুইয়ে ঠেলে দিয়ে এক নম্বর জায়গাটা ফের নিজেদের আয়ত্তে নিয়েছিল অ্যাতলেটিকো। কিন্তু তাদের সেই রাজত্ব আড়াই ঘণ্টার বেশি টিকল না। লিগ পয়েন্ট টেবিলের রাজত্বটা পুনরায় দখলে নিল ফ্লিকের ক্লাব।
শীর্ষে উঠে লিগ শিরোপা জয়ের স্বপ্নও বুনে চলেছে বার্সা। ম্যাচ শেষে ওলমো দিলেন তেমন আভাস, ‘আমরা শীর্ষে উঠতে চেয়েছিলাম। তবে কোনো ধরনের চাপ অনুভব করিনি। আমরা জানি এটা (লা লিগার শিরোপা জেতা) এখন আমাদের ওপর নির্ভর করছে।’
লা লিগায় এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে শীর্ষে থাকা বার্সার পুঁজি দাঁড়িয়েছে ৫৪ পয়েন্ট। তবে মাত্র এক পয়েন্টে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো এখনো নিঃশ্বাস ফেলে চলেছে বার্সার ঘাড়ে। সমান ম্যাচ খেলে তাদের সংগ্রহ এখন ৫৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে তিনে নেমে যাওয়া রিয়ালের পয়েন্ট ৫১। গতকাল রাতে জিরোনাকে হারিয়ে থাকলে রিয়াল ছুঁয়ে ফেলবে বার্সার পয়েন্ট। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে চূড়ায় থেকে যাবে বার্সাই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

