ক্রিকেটে একটা প্রবাদ খুব প্রচলিত- ক্যাচ মিস তো ম্যাচ মিস। নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেটাই দেখাল বাংলাদেশ ক্রিকেট দল। ক্যাচ মিসের মহড়া দিয়ে জেতা ম্যাচ হারল টাইগ্রেসরা। ৭৮ রানেই ৫ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা জিতল ৩ উইকেটের ব্যবধানে।
বিশাখাপত্তনমে শারমিন আক্তার সুপ্তার ফিফটির (৫০) সঙ্গে স্বর্ণা আক্তারের (৫১*) ঝড়ো ব্যাটিংয়ে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান তুলে নেয়।
রান তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান ওপেনার তাজ়মিন ব্রিৎস (০)। অধিনায়ক লরা উলভার্টের সঙ্গে জুটি বাঁধেন তিন নম্বরে নামা অ্যানিকি বশ। তাদের জুটি ওঠে ৫৫ রান। কিন্তু উলভার্ড ৫৬ বলে ৩১ রান করে আউট হওয়ার কিছু ক্ষণের মধ্যেই পর পর আউট হয়ে যান বশ (৩৫ বলে ২৮) এবং চার নম্বরে নামা অ্যানিরি ডার্কসেন (২)।
দলকে ভরসা দিতে পারেনি ছ’নম্বরে নামা সিনালো জাফটা (৪)। ১ উইকেটে ৫৮ থেকে ৭.১ ওভারের মধ্যে দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় ৫ উইকেটে ৭৮। চাপের মুখে রুখে দাঁড়ান পাঁচ নম্বরে নামা মারিজানে কাপ এবং সাত নম্বরে নামা ক্লো ট্রায়ন। তাদের জুটিতে ওঠে ৮৫ রান। তাদের জুটি লড়াইয়ে ফেরায় দক্ষিণ আফ্রিকাকে।
এই জুটিতে চাপে পড়ে যায় বাংলাদেশ। কাপ করেন ৭১ বলে ৫৬। মারেন ৪টি চার এবং ১টি ছক্কা। ট্রায়নের ব্যাট থেকে এল ৬৯ বলে ৬২ রানের ইনিংস। মারেন ৬টি চার এবং ১টি ছয়। দ্রুত খুচরো রান নিতে গিয়ে আউট হয়ে যান তিনি। শেষ দিকে লড়াই করলেন নাদিন ডে ক্লার্ক এবং মাসাবাটা ক্লাস। দু’জনে অপরাজিত থেকে তিন বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিলেন। ক্লার্ক ২৯ বলে ৩৭ রান করে অপরাজিত থাকলেন। ক্লাস করলেন ১৩ বলে ১০।
এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের রানের ভিতটা গড়ে দিয়েছিলেন দুই ওপেনার ফারজানা হক পিংকি ও রুবাইয়া হায়দার ঝিলিক। শুরুর ১০ ওভারে দুজন তোলেন ২৮ রান। ৫৩ রানের মাথায় ভাঙে এই জুটি। ৭৬ বলে ৩০ রান করে আউট হন ফারজানা হক।
এই জুটির ওপর দাঁড়িয়ে দলকে টেনে নেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা। দুজনের ৯১ বলের জুটিতে আসে ৭৭ রান। ৪২ বলে ৩২ রান করে নিগার আউট হয়ে গেলে উইকেটে আসেন স্বর্ণা। এর মধ্যেই শারমিন ফিফটি তুলে নেন। রানআউটে শেষ হয় শারমিনের ইনিংস।
স্বর্ণা শুরু থেকেই ছিলেন মারমুখী। দ্বিতীয় বলে সুইপ করে বাউন্ডারি মেরে বার্তা দিয়ে রাখা স্বর্ণা ৩ ছক্কা আর সমান চারে ৩৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। স্বর্ণার আগে এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল নিগার সুলতানার। গত এপ্রিলে লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৯ বলে ফিফটি করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ২৩২/৬ (স্বর্ণা ৫১, শারমিন ৫০, নিগার ৩২; এমলাবা ২/৪২, ডি ক্লার্ক ১/৩৯)।
দক্ষিণ আফ্রিকা: ৪৯.৩ ওভারে ২৩৫/৭ (ট্রায়োন ৬২, কাপ ৫৬, ডি ক্লার্ক ৩৭* ভলভার্ট ৩২; নাহিদা ২/৪৪, ঋতু ১/২৯, রাবেয়া ১/৪৮, ফাহিমা ১/৫১)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে জয়ী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

