বোর্নমাউথের বিপক্ষে গোল হজম করে ম্যাচের অর্ধেকের বেশি সময় পিছিয়ে ছিল ম্যানসিটি। ধাক্কা সামলে প্রত্যাবর্তনের গল্প লিখেছে ম্যানচেস্টারের ক্লাবটি। এফএ কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় তুলে নিয়েছে তারা। সেই সঙ্গে সেমিফাইনালে পৌঁছে গেছে পেপ গার্দিওলার দল।
ভাইটালিটি স্টেডিয়ামে শুরুতেই এগিয়ে যেতে পারতো ম্যানসিটি। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন অতিথিদের নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। সে হতাশা ভুলতে না ভুলতেই ২১ মিনিটে স্বাগতিকদের ফরওয়ার্ড ইভানিলসন ম্যানসিটির জাল কাঁপান। এই গোলে ৪৮ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল সফরকারী দল। অবশেষে ৪৮ মিনিটে জায়ান্টদের ম্যাচে ফেরান হাল্যান্ড।
৬৩ মিনিটে ম্যানসিটির হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ওমর মারমুশ। শেষ পর্যন্ত এই গোলটার শোধ দিতে পারেনি সিটিজেনরা। তাতেই মৌসুমের একটি প্রতিযোগিতায় শিরোপা সম্ভাবনা বেঁচে থাকল তাদের। আগেই ইংলিশ প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও লিগ কাপ থেকে বিদায় নিয়েছে ম্যানসিটি। এফএ কাপের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট। ফাইনালে উঠার মিশনে আগামী ২৬ এপ্রিল মুখোমুখি হবে দুই দল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

