চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। চলমান টেস্টের দ্বিতীয় দিন (২৯ এপ্রিল) থেকে বিনামূল্যে মাঠে বসে ম্যাচ উপভোগ করতে পারবে শিক্ষার্থীরা।
বিনামূল্যে গ্যালারিতে বসে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট ম্যাচ দেখার জন্য শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলের ইউনিফর্ম পরতে হবে। একই সঙ্গে স্কুলের পরিচয়পত্র সঙ্গে নিতে হবে।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন হাতেগোনা দর্শক ছিল গ্যালারিতে। ম্যাচের আগেরদিন টিকিট বিক্রি হয় মাত্র আটটি। মূলত সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের কারণে ক্রিকেট থেকে আগ্রহ হারাচ্ছেন সমর্থকরা। এর আগে সিলেট টেস্টেও গ্যালারি ছিল প্রায় ফাঁকা। গ্যালারিতে দর্শকখরা কাটাতে এবার বিনামূল্যে শিক্ষার্থীদের মাঠে প্রবেশের সুযোগ করে দিলো কর্তৃপক্ষ।
বাংলাদেশের দাপটের মধ্য দিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা। টস জিতে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। প্রথম দিনের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করেছে সফরকারী দল। বল হাতে আলো ছড়িয়ে ৫ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

