ইসরাইলি খেলোয়াড়ের বিপক্ষে খেলতে অস্বীকৃতি ইরানি টেনিস তারকার

 ইসরাইলি খেলোয়াড়ের বিপক্ষে খেলতে অস্বীকৃতি ইরানি টেনিস তারকার
ইরানের টেনিস খেলোয়াড় আলী ইয়াজদানি। ছবি: সংগৃহীত

ইসরাইলি প্রতিপক্ষের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন ইরানের টেনিস খেলোয়াড় আলী ইয়াজদানি। তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত এম১৫ টেনিস টুর্নামেন্টের পুরুষ দ্বৈত বিভাগের কোয়ার্টার ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এর ফলে সেমিফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে তার জুটি।

বিজ্ঞাপন

শুক্রবার কোয়ার্টার ফাইনালে রাশিয়ার খেলোয়াড় এগর খোতেনকভকে নিয়ে মাঠে নামার কথা ছিল ইয়াজদানির। তাদের প্রতিপক্ষ ছিলেন অস্ট্রিয়ার থিলো বেয়ারমান ও ইসরাইলের টিম ভাইসম্যান। তবে ইসরাইলি খেলোয়াড়ের বিপক্ষে খেলতে রাজি হননি ইয়াজদানি। ফলে তার জুটি ম্যাচটি ওয়াকওভার দেয়।

টুর্নামেন্টে শিরোপার অন্যতম দাবিদার ছিল রাশিয়া ও ইরানের এই জুটি। প্রতিযোগিতার ড্রয়ে তাদের দ্বিতীয় বাছাই হিসেবে রাখা হয়েছিল। তবে ইসরাইলি প্রতিপক্ষের মুখোমুখি না হওয়ার সিদ্ধান্তের কারণে শিরোপার লড়াই থেকে ছিটকে পড়েন তারা।

এম১৫ আনতালিয়া আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) পুরুষদের বিশ্ব টেনিস ট্যুরের অংশ। ২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনতালিয়ার বেলেক এলাকায় ক্লাব মেগাসারে হোটেলের উন্মুক্ত ক্লে কোর্টে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট পুরস্কারমূল্য ১৫ হাজার ডলার।

আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ইসরাইলি খেলোয়াড়দের বিপক্ষে না খেলার ক্ষেত্রে ইরানি অ্যাথলেটদের এমন সিদ্ধান্ত নতুন নয়। গাজায় ইসরাইলের যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড দখলের প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশটির অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবিও জোরালো হয়েছে।

এর আগে গত মে মাসে ইরানের তরুণ টেনিস খেলোয়াড় হানা শাবানপুরও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন। তুরস্কে অনুষ্ঠিত জে৬০ পর্যায়ের একটি টুর্নামেন্টের দ্বৈত বিভাগের ফাইনালে ওঠার পর ইসরাইলি খেলোয়াড় থাকা একটি দলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান তিনি। তুরস্কের এক খেলোয়াড়কে নিয়ে ফাইনালে উঠেছিলেন শাবানপুর।

এর আগে গত মার্চে ইরানের ১০ হাজারের বেশি অ্যাথলেট আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানান। এ বিষয়ে তারা জাতিসংঘ এবং আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর প্রতি আবেদন জানান।

একই সঙ্গে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ও আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সদস্যপদ স্থগিত করারও দাবি জানান ওই অ্যাথলেটরা।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...