আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ম্যানসিটি-লিভারপুলের জয়, সেমিতে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক

ম্যানসিটি-লিভারপুলের জয়, সেমিতে বায়ার্ন

ইউরোপিয়ান ফুটবলের ব্যস্ত রাত দেখল দর্শকরা। শিরোপা দৌড়ে চাপ বাড়াল ম্যানচেস্টার সিটি, গুরুত্বপূর্ণ জয় পেল লিভারপুল ও অ্যাস্টন ভিলা। আর জার্মান কাপে হ্যারি কেনের গোলধারায় ছয় বছর পর সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। সিটি ৩-০ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। লিভারপুল ১-০ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। ব্রাইটনের বিপক্ষে ভিলা জিতেছে আত্মঘাতী গোলে। জার্মান কাপে লাইপজিগকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন।

ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে ২৪ মিনিটে সান্দের বের্গের ভুল হেড থেকে বল পেয়ে কাছ থেকে জাল খুঁজে নেন জানুয়ারিতে দলে যোগ দেওয়া অঁতোয়ান সেমেনিও। ছয় মিনিট পর তিনিই জোগানদাতা, তার পাস থেকে গোলরক্ষক বের্ন্ড লেনোকে কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেন নিকো ও’রাইলি। ৩৯ মিনিটে ফিল ফোডেনের বাড়ানো বল নিচু শটে জালে জড়ান আর্লিং হলান্ড। এই জয়ে ২৬ ম্যাচে সিটির পয়েন্ট ৫৩, এক ম্যাচ কম খেলা আর্সেনালের ৫৬।

বিজ্ঞাপন

অন্য ম্যাচে স্টেডিয়াম অব লাইটে সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। ৬১ মিনিটে মোহামেদ সালাহর কর্নার থেকে হেডে গোল করেন ভার্জিল ফন ডাইক। কঠিন ম্যাচে এই জয় লিভারপুলকে রেখেছে শীর্ষ চারের লড়াইয়ে। ৪২ পয়েন্ট নিয়ে তারা ষষ্ঠ, পঞ্চম স্থানে থাকা চেলসির চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে। ভিলা জিতেছে প্রতিপক্ষের দয়ায়। ব্রাইটনের বিপক্ষে দীর্ঘ সময় গোলশূন্য লড়াইয়ের পর ৮৬ মিনিটে জ্যাক হিনশেলউডের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে জেতে অ্যাস্টন ভিলা। ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান তাদের।

জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে আরবি লাইপজিগকে ২-০ গোলে হারিয়ে ছয় বছর পর সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৬৪ মিনিটে জসিপ স্তানিসিচকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন হ্যারি কেন। চার মিনিট পর মাইকেল ওলিসের পাস থেকে উইলি অরবানকে কাটিয়ে মৌসুমের ১৯তম গোল করেন লুইস দিয়াজ। তাতেই নিশ্চিত হয় বায়ার্নের জয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন