বুড়ো বয়সে গোলক্ষুধা বেড়েছে রোনালদোর

বুড়ো বয়সে গোলক্ষুধা বেড়েছে রোনালদোর

ক্যারিয়ারের শুরু থেকেই গোল করাটাকে নেশায় পরিণত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শেষ দিকে এসে সাত নম্বর জার্সিধারীর সে নেশাটা আরও বেড়ে গেছে। সেটা প্রমাণের জন্য পরিসংখ্যানই যথেষ্ট।

ফুটবলের বিচারে ৩০ পেরিয়ে যাওয়াকে বুড়ো হিসেবে ধরে নেওয়া হয়। সে হিসেবে অনেক আগেই বুড়োদের কাতারে নাম লিখিয়েছেন রোনালদো। গত ৫ ফেব্রুয়ারি ৪০ এ পা দেন সাবেক ইউনাইটেড তারকা। এরপরও এখনও তরুণ ফুটবলারদের সঙ্গে পাল্লা দিয়ে প্রায় প্রতি ম্যাচেই গোল করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল’র দ্বিতীয় লেগে সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে এস্তেগলালের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় আল নাসের। এই জয়ে এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চের শেষ আটে পৌঁছে গেছে রিয়াদের প্রতিনিধিরা। এর আগে প্রথম লেগে গোলশূন্য ড্র হয় দুই দলের লড়াই।

আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে আল নাসেরের হয়ে দুইবার জালের দেখা পান জন ডুরান। ২৭তম মিনিটে স্পট কিক থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। ত্রিশের পর পর্তুগিজ তারকার এটা ৪৬৪তম গোল। অন্যদিকে ত্রিশের আগে তার গোল ছিল ৪৬৩টি। অর্থ্যাৎ বুড়ো বয়সে এসে গোলক্ষুধা বেড়েছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ২৭ এ। বর্নাঢ্য ক্যারিয়ারে হাজারতম গোলের মাইলফলক ছোঁয়ার পথে এগিয়ে গেলেন আরও একধাপ। বর্তমানে রোনালদোর গোল সংখ্যা ৯২৭টি। গোলের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে হয়তো ক্যারিয়ার শেষ করার আগে নামের পাশে এক হাজার গোল দেখতে পারবেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন