ইংলিশ প্রিমিয়ার লিগে হারতেই ভুলে যাচ্ছিল লিভারপুল। অবশেষে উড়তে থাকা রেডদের মাটিতে নামিয়ে আনল ফুলহাম। প্রথমে এগিয়ে গিয়েও শক্তির বিচারে পিছিয়ে থাকা দলটির কাছে ৩-২ গোলে হেরে গেছে আর্নে স্লটের শিষ্যরা।
এর মাধ্যমে ইংল্যান্ডের শীর্ষ লিগে টানা ২৬ ম্যাচ পর হারল লিভারপুল৷ এর আগে সবশেষ গত ১৪ সেপ্টেম্বরে নটিংহাম ফরেস্টের কাছে ১-০ গোলে হেরেছিল মার্সিসাইডের ক্লাবটি। সব মিলিয়ে চলমান লিগ মৌসুমে দ্বিতীয়বারের মতো হারের সাক্ষী হলো টেবিলের শীর্ষে থাকা লিভারপুল।
ফুলহামের কাছে হারায় টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করল লিভারপুল। ৩১ ম্যাচে তাদের সংগ্রহ ৭৩ পয়েন্ট। সমান ম্যাচে মিকেল আর্তেতার দলের সংগ্রহ ৬২ পয়েন্ট। ৫৭ পয়েন্ট নিয়ে তিনে আছে নটিংহাম। ফুলহামের অবস্থান আটে। তাদের নামের পাশে আছে ৪৮ পয়েন্ট।
ক্র্যাভেন কটেজ স্টেডিয়ামে ম্যাক অ্যালিস্টারের গোলে ১৪ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। যদিও ১৪ মিনিটের ব্যবধানে তিন গোল হজম করে বেসামাল হয়ে পড়ে সফরকারীরা। ২৩ মিনিটে লিভারপুলের জালে বল পাঠিয়ে ফুলহামকে ম্যাচে ফেরান সেসেগনন। নয় মিনিট পর আইওবির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান মুনিজ৷ ৭২ মিনিটে লিভারপুলের হয়ে ব্যবধান কমান দিয়াজ। এরপর আর ফুলহামের জালে বল না পাঠাতে পারায় হার এড়াতে পারেনি লিভারপুল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

