রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলে যাচ্ছে দেশের বিভিন্ন স্টেডিয়ামের নাম। সেই ধারাবাহিকতায় আজ আরও দুটি আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম বদলে গেল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নতুন নাম দেওয়া হয়েছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম।
পরিবর্তন করা হয়েছে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নামও। এ স্টেডিয়ামের নতুন নাম শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম। এনএসসি সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এই খবর নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
দিন কয়েক আগে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করা হয়েছে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স। গত জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ছাদে খেলার সময় গুলি লেগেছিল ছয় বছরের রিয়া গোপের মাথায়। পাঁচ দিন হাসপাতালে লড়াই করে মৃত্যুর কাছে হার মানে সে। তার স্মরণে নারায়ণগঞ্জের স্টেডিয়ামটির নতুন নামকরণ করা হয়েছে।
এর আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জাতীয় স্টেডিয়াম, ঢাকা। আর রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

