ওয়ানডে স্কোয়াডের বাইরে থাকা চার ক্রিকেটারকে ডাকা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। নাসুম আহমেদ, শেখ মাহেদি, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনরা শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দিয়েছেন আজ দুপুরে।
আগামী ১০ জুলাই থেকে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজ। লম্বা বিরতির পর টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিন। নাঈম ওয়ানডে দলে থাকায় আগেই শ্রীলঙ্কা গিয়েছেন। আর সাইফউদ্দিন লঙ্কার বিমান ধরেছেন আজ।
দেশ ছাড়ার আগে সাইফউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘ক্যাম্পে বা প্রস্তুতি ম্যাচে আমিও চেষ্টা করেছি সেরাটা দেয়ার, জানি না কতোটা পেরেছি। হয়ত নির্বাচকরা সন্তুষ্ট হয়েছেন। আমার যেগুলো আগে ছিল। ওগুলো নিয়ে কাজ করেছি। ইয়র্কার, ভ্যারিয়েশন, লাইন লেংথ- এগুলো। বোলিং ক্যাম্পে নাজমুল ভাই ছিল, ওনার সাথে কথা বলেছি। সবমিলিয়ে চেষ্টা করেছি। দেখা যাক কী হয়।’
তিনি আরও যোগ করেন, ‘আমি অবশ্যই চেষ্টা করব ভালো করার সেটা ব্যাটিং হোক, বোলিং হোক। আরো যারা পেস বোলিং অলরাউন্ডার আছে ওরা ব্যাটিংয়ে ভালো করতে পারে। এটা দলের জন্য ভালো হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

