সর্বশেষে ২০২২ সালে হয়েছিল পাইওনিয়ার ফুটবল লিগ। দলগুলো থেকে এন্ট্রি ফি নিলেও লিগের নতুন আসর আয়োজন করতে পারেনি ফেডারেশন। এ লিগ চালুর দাবিতে এবার আন্দোলনে নেমেছে খুদে ফুটবলার ও সংগঠকরা। চার বছর ধরে লিগ বন্ধ থাকায় গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে ব্যানার, ফেস্টুন নিয়ে আন্দোলন করেছেন তারা। পাইওনিয়ার লিগ কমিটির নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য হাজী টিপু সুলতান। লিগ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। গাজী সেলিম ফুটবল একাডেমির কর্ণধার গাজী সেলিম বলেন, ‘দ্রুত এই লিগ চালু করার জন্য আমরা আজ রাস্তায় নেমেছি। যদি তা না করা হয়, তাহলে আমরা বৃহৎ আন্দোলন গড়ে তুলবো।’ প্রয়াত মোনেম মুন্না, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, সম্রাট হোসেন এমিলি ও ছাইদ হাছান কাননের মতো তারকা উঠে এসেছেন পাইওনিয়ার লিগ থেকে। লাইজু কিডস ফুটবল একাডেমির সহসভাপতি শাহাদাত হোসেন বলেন, ‘সুযোগ থাকলেও ছোট ছেলেরা বড় হয়ে যাচ্ছে ফুটবল না খেলেই। অনেক ক্ষুদে ফুটবলারের তারকা হওয়ার সুপ্ত বাসনা আর প্রস্ফুটিত হচ্ছে না। চার বছরে অনেকেই বঞ্চিত হয়েছেন তারকা ফুটবলার হওয়া থেকে। আমাদের দাবি- এ বছরেই শুরু করা হোক পাইওনিয়ার লিগ।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

