রিয়াদ মাহরেজরে চিনে না, এমন ফুটবলপ্রেমী কমই আছেন। ম্যানচেস্টার সিটিতে খেলার সুবাদেই তিনি পরিচিত নাম। তবে তার দেশ আলজেরিয়া যেন অনেকটাই নীরব। অবশেষে সরব হলো তারা। ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে মাহরেজের দেশ। আফ্রিকা অঞ্চলের ‘জি’ গ্রুপের ম্যাচে সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০তম দল বিশ্বকাপে উঠে আলজেরিয়া।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে মিলউদ হাফেদি স্টেডিয়ামে ম্যাচের ৭ম মিনিটেই এগিয়ে যায় আলজেরিয়া। ডি-বক্সের ডানদিক থেকে মাহরেজের ক্রসে খুব কাছ থেকে জাল কাঁপান ফাঁকায় থাকা আমোরা। ১২ মিনিট পর মাহরেজ নিজেই জাল খুঁজে নেন বাঁ পায়ের শটে। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পরও আধিপত্য বজায় রেখে খেলতে থেকে আলজেরিয়া। দ্বিতীয়ার্ধের ১২তম মিনিটে ফের মাহরেজের নিখুঁত ক্রসের সুবাদে হেডে নিশানা ভেদ করেন আমোরা। বাকি সময়ে আর কোনো গোল না হলেও শেষ বাঁশির সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে দলটি।
২০১৪ সালের পর প্রথম ও সব মিলিয়ে পঞ্চমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে আফ্রিকার দেশটি। ২০তম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আলজেরিয়া। এর আগে, ১৯৮২, ১৯৮৬, ২০১০ এবং ২০১৪ সালের বিশ্বকাপ খেলেছে তারা। সবশেষ ২০১৪ বিশ্বকাপে শেষ ১৬-তে খেলেছিল দলটা।
উল্লেখ্য, আগামী বছরের ১১ জুন মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে ৪৮ দলের মধ্যে ২০টি দল তাদের টিকিট নিশ্চিত করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

