আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর স্বাগতিক নেপালের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দুটি ম্যাচে ইংল্যান্ড প্রবাসী দেওয়ান হামজা চৌধুরীকে খেলানোর চেষ্টা করছে ফুটবল ফেডারেশন। তবে প্রীতি ম্যাচে কানাডা প্রবাসী শমিত সোমকে ছাড়াই খেলবে বাংলাদেশ। এরই মধ্যে গতকাল দুটি প্রীতি ম্যাচের জন্য ক্যাম্প শুরু হয়েছে।
জাতীয় দলের ম্যানেজার আমের খান জানালেন, ‘শমিতের সেপ্টেম্বরে ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে। এজন্য তাকে সেপ্টেম্বর উইন্ডোতে প্রাথমিক তালিকায় রাখা হয়নি। হামজা চৌধুরীকে তালিকায় রাখা হয়েছে।’ ফিফা উইন্ডোতে খেলোয়াড় ছাড়তে বাধ্য হলেও শমিততে নেপালের বিপক্ষে খেলাতে চাচ্ছে না বাংলাদেশ। তবে হামজাকে খেলানোর চেষ্টায় আছে বাফুফে। আমের খান বলেন, ‘এরই মধ্যে তার (হামজা) ক্লাব লেস্টার সিটিকে চিঠি দেওয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য তার ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলমান।’
আগামী অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে নেপালে দুটি ম্যাচ খেলছে বাংলাদেশ। গতকাল শুরু হওয়া ক্যাম্পে মাত্র ৫ ফুটবলার যোগ দিয়েছেন। প্রাথমিক দল এখনো প্রকাশ করা হয়নি। এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলায় আবাহনী ও বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা দেরিতে ক্যাম্পে যোগ দিচ্ছেন। তাছাড়া জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ক্যাম্পে যোগ দেননি। ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা।
গত মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে বসে আবাহনী ও মুরাস ইউনাইটেডের মধ্যকার চ্যালেঞ্জ লিগের ম্যাচ উপভোগ করেছেন জাতীয় দলের এই স্প্যানিশ কোচ। টিম ম্যানেজার আমের খান জানান, ‘জামাল একদিন সময় চেয়েছে ফেডারেশনের কাছে। আবাহনী-কিংস ছাড়া অন্য ক্লাব সেভাবে অনুশীলন শুরু করেনি। ফুটবলাররা যেন জিম বা ফিটনেস নিয়ে কাজ করতে পারে, এজন্যই ক্যাম্পে ডেকেছে কোচ।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

